বাংলাদেশকে নিরাপদ ও শক্তিমান করতে সরকার সশস্ত্রবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালীকরণের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্রবাহিনীর মধ্যে সবার আগে বাংলাদেশ এই চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন।
আমি মনে করি, এই লাখো শহীদের প্রতি সম্মান জানাতে আমাদের দু’টি প্রধান কর্তব্য রয়েছে। প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ স্বনির্ভর গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে আসা হয়। মঞ্চে আসার পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী বক্তব্য প্রদানের পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি বিশেষ করে সশস্ত্রবাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বিষয়। রাষ্ট্রকে নিরাপদ এবং শক্তিমান করতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকার দেশের সশস্ত্রবাহিনীকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায় যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যেই নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক প্রযুক্তি নির্ভর এবং সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে মিল রেখে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন— এসব পরিকল্পনার অংশ।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল এবং পেশাদার সশস্ত্রবাহিনী গড়ে তোলা। সশস্ত্রবাহিনীর শক্তিমাত্রার অনিবার্য অঙ্গ হচ্ছে চেইন অব কমান্ড। এর পাশাপাশি সশস্ত্রবাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।
সরকারপ্রধান বলেন, সশস্ত্রবাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নের পাশাপাশি তাদের এবং তাদের পরিবারের সদস্যদের জীবনমানের আরও উন্নয়নের ব্যাপারেও সরকার আন্তরিক। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন’ করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ওয়ান র্যাংক ওয়ান পেনশন। পদ্ধতিসহ সশস্ত্রবাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তা ও সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করবো।
প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামেও শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সশস্ত্রবাহিনীর অনেক সদস্য শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি এই সশস্ত্রবাহিনী দিবসে আল্লাহ্র দরবারে দেশ-বিদেশে শাহাদাতবরণকারী এইসব বীর সেনানীর মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সদস্যদের প্রতিও জানাই আন্তরিক সহমর্মিতা।
সশস্ত্রবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার গুণী মানুষদের উপস্থিতিতে আজকের এই আনন্দঘন এবং একটি অত্যন্ত উল্লেখযোগ্য দিন। এই অনুষ্ঠানে সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। কারণ আপনাদের হয়তো অনেকেরই জানা আছে আমার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন। তিনি তার দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী হিসেবে অনেকবার সশস্ত্রবাহিনীর অনুষ্ঠানে সগৌরবে অংশগ্রহণ করেছিলেন। ২০২৫ সালে সশস্ত্রবাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে এসে বারবার আমার সেই কথাটিই মনে পড়ছে। আমি আল্লাহ্র দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি।
তারেক রহমান বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাস এবং আমাদের জাতীয় জীবনে কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিবসগুলোর মধ্যে সশস্ত্রবাহিনী দিবস অন্যতম। সেনা, নৌ ও বিমান বাহিনী অর্থাৎ তিন বাহিনী ১৯৭১ সালের ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত হয়। প্রতিরোধ এবং পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকেই ২১শে নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সশস্ত্রবাহিনীর জন্ম-ইতিহাস একই সূত্রে গাঁথা।
বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মধ্যদিয়েই বাংলাদেশের সশস্ত্রবাহিনী গড়ে উঠেছে। আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি নিঃসন্দেহে সেনাবাহিনীর জন্য এক অনন্য গৌরবের ইতিহাস এবং একই সঙ্গে প্রেরণার উৎস।
তিনি বলেন, একাত্তরের ২৫শে মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের উপর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান উই রিভোল্ড উচ্চারণে গর্জে উঠেছিলেন। রিভোল্ড উচ্চারণ করেই ক্ষান্ত থাকেননি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে তিনি সেনাবাহিনীর সকল বাংলা ভাষী কর্মকর্তা এবং সৈনিকদের জড়ো করেন। সেই রাতেই সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়েও পড়েছিলেন।
একাত্তরের জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা তুলে ধরে তিনি বলেন, ২৬শে মার্চ ২টা ১৫ মিনিটে সশস্ত্র বাহিনীকে বাংলাদেশে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতাকামী জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। রেডিওর মাধ্যমে দেয়া ঘোষণাটি দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল। ফলে ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য এবং অসাধারণ।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযোগ্য সংগঠিত করেছিল। সেনা হত্যাযোগ্য পরবর্তী বাংলাদেশকে কি ভয়ঙ্কর পরিণতি ভোগ হয়েছিল, এটি দেশবাসীর জানা। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন একক একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্রজনতা এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন, দেশপ্রেমিক জনগণ লক্ষ্য করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ৭ই নভেম্বরের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ’২৪ সালের ৫ই আগস্টের ফ্যাসিবাদী গণবিরোধী গণ-অভ্যুত্থান প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সবার আগে বাংলাদেশ এই চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
বক্তব্যের শেষে বিদেশি কুটনীতিকদের এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, আমাদের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপনে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাদের মহান মুক্তিযুদ্ধে বন্ধু রাষ্ট্রের জনগণের অসামান্য অবদানের জন্যও আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি, আমাদের সশস্ত্র বাহিনীর জন্য ওই বন্ধুরাষ্ট্র যে উন্নত প্রশিক্ষণ সহায়তা ও সহযোগিতা প্রদান করে আসছে, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্যগণ, সংসদ সদস্যগণ, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সস্ত্রীক এই সংবর্ধনায় অংশ নেন। এছাড়াও সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত প্রধানমন্ত্রীর
বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর তাদের সঙ্গে চা-চক্রে মিলিত হন প্রধানমন্ত্রী।
ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর অফিস থেকে পায়ে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যান প্রধানমন্ত্রী। এই সময়ে তার সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
সশস্ত্রবাহিনীর সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে। আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেও গর্বিত, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।
মুক্তিযোদ্ধাদের জন্য বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর-বিক্রমসহ ৭ জন বীরশ্রেষ্ঠের নিকট আত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
সশস্ত্রবাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা:
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্রবাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনী বিভাগে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকগণ। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
সশস্ত্রবাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শনিবার সকালে সেনাসদরে সশস্ত্রবাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে কুর্মিটোলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ২১শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতি বছর দিনটি সশস্ত্রবাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।
