ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা দেখছেন না ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক ও ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। তার মতে, শেখ হাসিনা ভারতের একজন ঘনিষ্ঠ মিত্র। ফলে বাংলাদেশের পক্ষ থেকে যতই প্রত্যর্পণের দাবি জানানো হোক, নয়াদিল্লি তাকে হস্তান্তর করতে চাইবে না। এমনকি আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হলেও ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে প্রত্যর্পণ আটকে যেতে পারে। তবে শুধু শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দুই দেশের সম্পর্ক আটকে রাখা উচিত নয় বলে মনে করেন তিনি। তার মতে, বাংলাদেশ ও ভারত—দুইপক্ষের অনমনীয় অবস্থানের কারণে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কোনো একটি পক্ষকে শর্ত ও পাল্টা শর্তের বাইরে গিয়ে সংলাপ শুরু করতে হবে।
সম্প্রতি ঢাকার একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অধ্যাপক শ্রীরাধা দত্ত। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। ভারত তাকে মিত্র মনে করে, আর এমন একজনকে ভারত কখনোই হস্তান্তর করবে না। তবে তিনি স্পষ্ট করেন, এটি তার ব্যক্তিগত মূল্যায়ন, ভারতের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়। তার কথায়, এগুলো আমার ব্যক্তিগত মত। রাজনীতির একজন ছাত্র হিসেবে আমি যা বুঝি, তা-ই বলছি।
বাংলাদেশের রাজনীতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন শ্রীরাধা দত্ত। তার মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অবস্থানের পেছনে রাজনৈতিক ও আইনি বাস্তবতা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা স্বাভাবিকভাবেই তাকে ফেরত চাইবে। কিন্তু বাংলাদেশের এই দাবি পূরণে ভারতের আগ্রহ নেই।
অধ্যাপক শ্রীরাধার মতে, প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। তবে সেই প্রক্রিয়া দ্রুত শেষ হলেও ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে কি না, সেটিই বড় প্রশ্ন। তিনি বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘ প্রক্রিয়া। যদিও কারিগরি ও আইনি প্রক্রিয়া দ্রুত শেষ হয়, তারপরেও কি ভারত তাকে প্রত্যর্পণ করতে রাজি হবে? সোজা কথায়, আমার মনে হয় ভারত চায় না, আর চাইবেও না। এ ক্ষেত্রে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন বিধানের কথাও উল্লেখ করেন রাধা। তার ভাষায়, চুক্তির কয়েকটি অনুচ্ছেদে এমন শর্ত রয়েছে, যার ভিত্তিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব।
শেখ হাসিনার দেশে ফেরা এবং তার পাসপোর্টের বিষয়টিকেও খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন না এই ভারতীয় গবেষক। তার মতে, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনার সামনে পথ খোলা রয়েছে। এজন্য প্রত্যর্পণ চুক্তি কিংবা পাসপোর্টের প্রয়োজন নেই। তিনি বলেন, তিনি যেতে চাইলে অবশ্যই যেতে পারেন। যে পথে এসেছেন, সে পথেই ফিরে যেতে পারেন। এর জন্য প্রত্যর্পণ চুক্তিও লাগে না, পাসপোর্টও লাগে না।
তার মতে, অন্য কোনো দেশে যেতে পাসপোর্ট প্রয়োজন হতে পারে, কিন্তু নিজের দেশে ফেরার বিষয়টি আলাদা। শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে আলোচনাকে এক ধরনের অজুহাত হিসেবেও দেখছেন তিনি। শ্রীরাধা বলেন, তার পাসপোর্ট নিয়ে আর এটা-সেটা নিয়ে যত কথা আমরা শুনছি, আমার মতে সবই একটা ছল। তার ভাষায়, দেশে ফেরার সত্যিকারের ইচ্ছা থাকলে সে পথ বের করা সম্ভব। কিন্তু এ নিয়ে যে আলোচনা চলছে, তাতে আন্তরিকতার প্রতিফলন নেই।
শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে শ্রীরাধার মূল্যায়ন, নির্বাসনে থেকেও নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চান সাবেক প্রধানমন্ত্রী। সাক্ষাৎকার, নিবন্ধ ও সমর্থকদের ছড়িয়ে দেয়া ভিডিওর মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক ইস্যু জিইয়ে রাখছেন। আওয়ামী লীগ এবং বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের কাছেও তিনি এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। দলের নেতৃত্ব ও রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য সমর্থকদের কাছে তার উপস্থিতি জরুরি।
তবে আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠীর অবস্থানের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মনোভাবকে এক করে দেখতে চান না শ্রীরাধা। তার মতে, বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখনো শেখ হাসিনার প্রতি বিরূপ। এর পেছনে তার ১৫ বছরের শাসনামলে জমে ওঠা রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষোভের পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের সহিংসতার স্মৃতিও কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অনেকেই বছরের পর বছর রাজনৈতিক ও আর্থসামাজিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় তারা যে সহিংসতা ও হামলার শিকার হয়েছে, তা শিগগিরই তাদের সম্মিলিত স্মৃতি থেকে মুছে যাবে না।
প্রথম পদক্ষেপ নেবে কে: শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নের বাইরে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কে প্রথম উদ্যোগ নেবে, সেটি। অধ্যাপক শ্রীরাধার মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন করে শুরুর একটি সুযোগ তৈরি হয়েছিল। নতুন সরকারকে ভারতের আমন্ত্রণ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার অংশগ্রহণ— সবকিছুতেই সম্পর্ক এগিয়ে নেয়ার ইঙ্গিত ছিল। নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছিল।
কিন্তু সেই সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত। কিছু কনস্যুলার ও শিক্ষা-সংক্রান্ত সেবা আবার চালু হলেও দুই দেশের মধ্যে আগের বছরগুলোতে গড়ে ওঠা সহযোগিতার বড় অংশ এখনো স্থবির। প্রস্তাবিত ভারত সফরও এখনো বাস্তবায়িত হয়নি। শ্রীরাধা দত্তের মতে, এ বছরের ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি, ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের একটি অনুষ্ঠানে তার অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন অমীমাংসিত বিষয় নিষ্পত্তির শর্ত দেয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
বাংলাদেশের পক্ষ থেকে সফরের আগে বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের যে অবস্থান নেয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমেই তার সমাধান করতে হবে। আলোচনার আগেই শর্ত জুড়ে দিলে সম্পর্ক এগিয়ে নেয়ার সুযোগ সংকুচিত হয়। তিনি বলেন, আমার কাছে এটা খুবই সীমিত দৃষ্টিভঙ্গি মনে হয়। সমস্যা থাকলে আপনি আসবেন, কথা বলবেন। তার প্রশ্ন, কথা বলার আগেই যদি শর্ত জুড়ে দেন, ভারত কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? কোনো না কোনোভাবে এতে বার্তা যাচ্ছিল যে ঢাকা আগ্রহী নয়।
তবে সম্পর্কের বর্তমান অচলাবস্থার জন্য বাংলাদেশকে এককভাবে দায়ী করেননি এই গবেষক। তার মতে, দুই পক্ষেরই অনমনীয়তা রয়েছে। দুই দেশের যেকোনো একটি সরকারকে উদ্যোগ নিয়ে বলতে হবে, অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, সেগুলো নিয়ে এখন আলোচনা শুরু করা প্রয়োজন। তার ভাষায়, দুই পক্ষেই অনমনীয়তা আছে। দুই সরকারের যেকোনো একটিকে এগিয়ে এসে বলতে হবে- অনেক অমীমাংসিত বিষয় আছে, এখন চলুন কথা বলি।
এই উদ্যোগ যে দুই দেশের প্রধানমন্ত্রীকেই নিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও মনে করেন তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ব্যবস্থা, মন্ত্রী, উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের যোগাযোগের মাধ্যম রয়েছে। সেগুলো কাজে লাগিয়েও আলোচনা শুরু করা সম্ভব। তবে দুই দেশের পক্ষ থেকে যোগাযোগের জবাব না পাওয়ার বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য শুনেছেন বলে জানান শ্রীরাধা। তার কাছে ভারতীয় পক্ষ দাবি করেছে, নয়াদিল্লির পাঠানো কয়েকটি বার্তার জবাব ঢাকা দেয়নি। অন্যদিকে বাংলাদেশি আলোচকেরা তাকে জানিয়েছেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের পাঠানো বার্তার কোনো জবাব ভারত দেয়নি। এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্যই দুই দেশের মধ্যে যোগাযোগের ঘাটতি স্পষ্ট করছে।
পানি, প্রত্যর্পণ এবং দূরত্বের মাশুল: বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে পানিবণ্টনকে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধ্যাপক শ্রীরাধা। বিশেষ করে গঙ্গার পানিবণ্টন চুক্তি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ভারতের কাছ থেকে বিশ্বাসযোগ্য আশ্বাস প্রয়োজন বলে মনে করেন তিনি। তার মতে, পানি নিয়ে ভারতের পক্ষ থেকে একটি ইতিবাচক প্রতিশ্রুতি বাংলাদেশকে অনেকটা স্বস্তি দিতে পারতো। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।
শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ভারতে অবস্থানের বিষয়টিও তুলে ধরেছেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ড এবং হাদি হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীরাধা। তার বক্তব্য, এসব ব্যক্তিকে ফেরত না পাঠানোর কোনো কারণ তিনি দেখেন না। তিনি বলেন, হাদির খুনি বা আরও যাদের নাম আসছে, তাদের ফেরত না পাঠানোর কোনো কারণ আমি দেখি না। তারা আমাদের দেশের কী কাজে আসবে?
তবে দুই দেশের সম্পর্ক ভালো থাকলেও প্রত্যর্পণ প্রক্রিয়া যে দ্রুত সম্পন্ন হবে, এমন নিশ্চয়তা নেই বলে মনে করেন তিনি। অতীতে দুই দেশের সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতীয় বিদ্রোহী নেতাদের প্রত্যর্পণে বাংলাদেশকে দীর্ঘ সময় নিতে হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি।
দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি বিষয়কে কেন্দ্র করে পুরো সম্পর্ক আটকে না রেখে আলাদা আলাদাভাবে বিরোধ নিষ্পত্তির পক্ষে শ্রীরাধা। তার মতে, একসময় ভারতও এ ধরনের বিষয়ভিত্তিক আলোচনার নীতিতে আগ্রহী ছিল। কিন্তু ধীরে ধীরে সেই চর্চা কমে গেছে। তিনি মনে করেন, প্রত্যর্পণ, পানিবণ্টনসহ অন্যান্য অমীমাংসিত বিষয় সংলাপে তোলা হলে সেগুলোর সমাধান করা কঠিন হতো না।
সম্পর্কের টানাপোড়েনের অর্থনৈতিক প্রভাব নিয়েও কথা বলেছেন এই গবেষক। তার মতে, বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাসেবা নিতে যাওয়া মানুষের ওপর নির্ভরশীল ভারতের কলকাতার হোটেল ব্যবসা এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেডিকেল ভিসায় বিধিনিষেধ এবং সীমান্ত পারাপার কমে যাওয়ায় বাংলাদেশি অতিথিদের ওপর নির্ভরশীল অনেক হোটেল সংকটে পড়েছে, কিছু প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। পর্যটনের পাশাপাশি দুই দেশের মানুষের নিয়মিত যাতায়াতকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা ও সেবাখাতেও এর প্রভাব পড়েছে।
তবে এই ক্ষতির ভার দুই দেশের জন্য সমান নয় বলে মনে করেন তিনি। তার ভাষায়, ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে ধাক্কা সামলানোর সক্ষমতা ভারতের অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতি তুলনামূলক ছোট হওয়ায় এবং সীমান্তকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যের ওপর নির্ভরতা থাকায় এই অচলাবস্থার প্রভাব বাংলাদেশের জন্য বেশি হতে পারে।
হাসিনা আমলের ভারতীয় নীতি প্রশ্নের মুখে: শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করেছিল কি না, এমন প্রশ্নে সরাসরি সেই অভিযোগ নাকচ করেছেন অধ্যাপক শ্রীরাধা। তবে তার মতে, সে সময় ভারতের নীতিগত ব্যর্থতা ছিল অন্য জায়গায়। নয়াদিল্লি শেখ হাসিনার সরকারকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করলেও বাংলাদেশের গণতান্ত্রিক ঘাটতি ও রাজনৈতিক অন্তর্ভুক্তির সংকটকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।
শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার সমালোচনা করা ভারতীয় শিক্ষাবিদদের মধ্যে শ্রীরাধা দত্তও ছিলেন। তার মতে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়া সত্ত্বেও ভারত বিষয়টি এড়িয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ যখন বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেয়নি, তখন ভারতও আলাদা করে সমালোচনা করতে আগ্রহ দেখায়নি। তিনি বলেন, নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হওয়া থেকে অনেক দূরে ছিল, কিন্তু ভারতের মনোভাব ছিল— বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় যখন মেনে নিয়েছে, তখন ভারত কেন ভিন্নমত পোষণ করবে?
তার মতে, শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের সময় নয়াদিল্লির নীরবতা দেশটিতে ভারতবিরোধী মনোভাব তৈরিতে ভূমিকা রেখেছে। ফলে বর্তমান সময়ে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে অতীতের সেই নীতির প্রভাবও বিবেচনায় নিতে হবে। তবে এই উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সঙ্গে ভারতের সহযোগিতার পথে বাধা হয়ে থাকবে, এমনটা মনে করেন না তিনি।
দুই দেশের স্বার্থ পরস্পর জড়িত: দুই দেশের মধ্যে বর্তমান কূটনৈতিক শীতলতা দীর্ঘস্থায়ী হবে না বলে আশা প্রকাশ করেছেন অধ্যাপক শ্রীরাধা দত্ত। তার মতে, ভৌগোলিক অবস্থান, বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগের বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে দীর্ঘদিন সম্পর্ক স্থবির রাখার সুযোগ দুই দেশের কারও নেই।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের সঙ্গে আমরা অংশীদারত্ব গড়তে চাইব না, এমন পরিস্থিতি আমি কল্পনা করি না। তার মতে, সময়ের সঙ্গে দুই দেশের সম্পর্ক আবার উষ্ণ হতে পারে এবং বন্ধুত্বের জায়গায় ফিরে যেতে পারে। তবে সেই প্রক্রিয়া শুরু করার জন্য কোনো একটি পক্ষকে এগিয়ে আসতে হবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ, পানিবণ্টন কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর মতো বিষয়গুলো অমীমাংসিত থাকলেও সেগুলোকে পুরো দ্বিপক্ষীয় সম্পর্কের পথে বাধা হতে দেয়া উচিত নয় বলে মনে করেন তিনি। তার ভাষায়, আমাদের ভাগ্য পরস্পর জড়িত, আর একসঙ্গে কাজ করা অনিবার্য। দুই দেশের মধ্যে কিছু বিরক্তিকর ও অমীমাংসিত বিষয়কে সম্পর্ক এগিয়ে নেয়ার পথে বাধা হতে দিয়ে মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে বলেও মন্তব্য করেন এই ভারতীয় গবেষক।
