গত কয়েকদিনের সহিংসতা, অগ্নিসংযোগ ও উত্তেজনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন। খুলেছে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল। জনজীবনে স্বাভাবিক চাঞ্চল্য দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাটেনি উদ্বেগ। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ। এসব থানায় মামলা গ্রহণসহ নিয়মিত পুলিশি সেবা চালু হয়নি।
এদিকে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের কোনো তথ্য মেলেনি। সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিনের সহিংসতার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কর্মসূচির বিষয় প্রচার করার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গোপালগঞ্জে আগে থেকে মোতায়েন থাকা এক ব্যাটালিয়ন বিজিবি’র সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়ন বিজিবি এবং অতিরিক্ত সাত প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গোপালগঞ্জের পাঁচটি উপজেলা ঘুরে জনজীবনে স্বাভাবিকতা ফেরার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চিত্র দেখা গেছে।
টুঙ্গিপাড়া থানা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া টুঙ্গিপাড়া থানা এখন বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আগুনের লেলিহান শিখায় থানা কমপ্লেক্সের নিচতলা থেকে দোতলার পুলিশ ব্যারাক পর্যন্ত প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের বাইরের দেয়াল থেকে শুরু করে ভেতরের প্রতিটি কক্ষেই স্পষ্ট তাণ্ডবের চিহ্ন। শনিবার দুপুরে সরজমিন টুঙ্গিপাড়া থানায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. এমরানুল কবির জানিয়েছেন, আগুনে থানার সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশের অস্ত্রও লুট হয়েছে। পরে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সেগুলোর সঠিক তালিকা এখনো করা হয়নি। এ অবস্থায় থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
থানা চত্বরে প্রবেশ করতেই চোখে পড়ে ভবনের সামনের অংশে পড়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানের কঙ্কাল। আগুনে গাড়িটির বডি ও ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। থানা ভবনের মূল ফটকের উপরে থাকা নীল রংয়ের ‘টুঙ্গিপাড়া থানা’ সাইনবোর্ডটি অক্ষত থাকলেও সামনের দিকের জানালাগুলোর কাঁচ ভেঙে চুরমার হয়ে আছে। দেয়ালের বিভিন্ন অংশ কালো হয়ে গেছে আগুনের ধোঁয়ায়।
নিচতলার কলাপসিবল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে দেয়ালে থাকা ‘বাংলাদেশ পুলিশ, টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ’ লেখা নামফলকটি ভাঙা অবস্থায় পড়ে আছে। থানা চত্বরের ভেতরের গাছগুলোর পাতাও আগুনের তাপে ঝলসে শুকিয়ে গেছে।
নিচতলার বারান্দা জুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা কাঁচ, পোড়া আসবাবের অংশ ও ছাই। ডিউটি অফিসারের কক্ষে গিয়ে দেখা যায়, টেবিলের উপরের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পাশের দাপ্তরিক কক্ষগুলোতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। কম্পিউটার মনিটর ও বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। চেয়ার-টেবিলগুলোও উল্টে পড়ে আছে। মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, রেজিস্ট্রার খাতা ও সরকারি কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মেঝে জুড়ে।
নিচতলার স্টোর বা রেকর্ড রুমে আগুনের ভয়াবহতা বেশি ছিল। সেখানে লোহার র্যাকের ভেতরে থাকা ফাইল ও নথিপত্র পুড়ে সাদা ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। আগুনের তীব্র তাপে ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে মেঝেতে পড়ে আছে। থানার হাজতখানার লোহার গেট ও আশপাশের এলাকাতেও ভাঙচুরের চিহ্ন দেখা গেছে।
ভবনের দ্বিতীয়তলায় পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাকের প্রতিটি কক্ষের দেয়াল ও ছাদ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। পুলিশ সদস্যদের থাকার লোহার খাটগুলোর তোশক, বিছানাপত্র, আসবাবপত্র ও ব্যক্তিগত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মেঝেতে পড়ে রয়েছে পোড়া ছাই, ভাঙা কাঁচ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা জুতা ও ব্যবহৃত জিনিসপত্রের অবশিষ্টাংশ। জানালার গ্রিলগুলো আগুনের তাপে বেঁকে গেছে। ভেঙে পড়েছে জানালার কাঁচও।
মুকসুদপুর থানা: একই চিত্র গোপালগঞ্জের মুকসুদপুর থানারও। থানার নিচতলা থেকে দোতলা পর্যন্ত প্রায় প্রতিটি কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। থানা চত্বরে থাকা পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ হামলা ও ভাঙচুর দুপুর পর্যন্ত চলে। এ সময় হামলাকারীরা থানার বিভিন্ন কক্ষে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। পরে ভবনের নিচতলা ও দোতলায় আগুন ধরিয়ে দেয়া হয়। থানা চত্বরে থাকা যানবাহনগুলোতেও একের পর এক আগুন দেয়া হয়। থানায় ঢুকতেই চোখে পড়ে পোড়া ধ্বংসস্তূপ।
এদিকে, সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার অবকাঠামো অক্ষত থাকায় স্বাভাবিক পুলিশি কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট থানা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। টহল ও অন্যান্য চলমান ডিউটিও অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে যাওয়া কিংবা বিশেষ কোনো অভিযান পরিচালনার নির্দেশনা এখনো তাদের কাছে আসেনি।
এদিকে গোপালগঞ্জে ২৯ ও ৩০শে নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন উপজেলা, পাড়া-মহল্লায় তারা একত্রিত হওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও কিছু নেতাকর্মীকে দেখা গেছে। শনিবার বিকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে আগে থেকেই গোপালগঞ্জে এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন ছিল। এর সঙ্গে অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন মোতায়েন শুরু হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দেশের আরও ছয় জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা রক্ষায় ৩৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কয়েকদিনের উত্তেজনা ও সহিংসতার পর শনিবার শহরের জনজীবনে ফিরেছে স্বাভাবিকতার আভাস। সকালে বিভিন্ন মার্কেট ও দোকানপাট খুলেছে। সড়কে বেড়েছে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল। শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল।
হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী সোহাগ হোসেন বলেন, এর আগে স্থগিত হওয়া আইসিটি পরীক্ষা আজ (শনিবার) নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো পরীক্ষা দিতে পেরেছেন তারা।
রহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, পরিস্থিতি আর আগের মতো নেই। সবকিছু স্বাভাবিক। সকালে কোচিং করতে এসে দুপুরে বাসায় যাচ্ছেন তারা। মনে হচ্ছে না আর কোনো সমস্যা হবে।
রিকশাচালক জহির মিয়া বলেন, নির্ভয়েই তারা চলাচল করছেন। কোথাও কোনো সমস্যা নেই। তবে গোপালগঞ্জ বলে কথা, সে কারণে সবার মধ্যেই কিছুটা সতর্কতা রয়েছে।
ব্যাংক কর্মকর্তা আতিক রহমান জানান, রোববার থেকে ব্যাংকও খুলবে। সকালে বাজার করতে এসে মানুষের মধ্যে আবার কর্মসূচির ঘোষণা নিয়ে আলোচনা শুনেছেন তিনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মানবজমিনকে বলেন, গোপালগঞ্জ সদর থানার সার্বিক কার্যক্রম চলমান আছে। সাধারণ মানুষ নিয়মিত পুলিশি সেবা নিতে থানায় আসছেন। এ থানায় এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।
