গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ৭০ ভাগ মানুষের রায় যদি না মানেন, তাহলে কীসের জাতীয় ঐক্যের ডাক দেবেন? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপি’র নোট অব ডিসেন্ট প্রত্যাহার করতে হবে এবং সরকার গঠিত বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে। গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী দলকে দায়ী না করে নিজেদের ব্যর্থতা খতিয়ে দেখা উচিত।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, একটি জেলার সন্ত্রাসী কর্মকাণ্ডও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর উচিত মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বিবেচনা করা।
তিনি অভিযোগ তুলে বলেন, বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের লোকেরা আশ্রয় নিচ্ছে। সচিবালয়, জুডিশিয়ারি, সাংবিধানিক পদ, জেলা প্রশাসন, ইউএনও—প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা হাত-পা মেলে বসে আছে। এমনকী মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর আশপাশেও আছে। গোলাম পরওয়ার বলেন, সরকার ব্যর্থ হোক, তাদের ক্ষমতা ত্যাগ করতে হবে- এটি জামায়াত চায় না। তবে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডিসেম্বরে দেশে আসবে বলে ঘোষণা দিয়েছেন। সেই ক্ষেত্র প্রস্তুতের জন্য পলাতক আওয়ামী লীগের নেতারা ভিডিও বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি উস্কে দিয়ে গোপালগঞ্জসহ দেশের স্বাধীন ভূখণ্ডের একটি অংশকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছে। গাড়ি পুড়িয়ে, বাড়িঘরে আগুন দিয়ে এবং মানুষ হত্যা করে জনগণের সহানুভূতি পাওয়া যায় না। অতীতের অপরাধের জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতের অপরাধের জন্য দলটিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। সহিংসতা বন্ধ করে অপরাধের দায় স্বীকার করাই তাদের জন্য সমাধানের পথ।
সমাবেশটির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।
