বাংলাদেশের ভারতনীতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জিম্মি হতে দেয়া উচিত নয় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তিনি বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এক অর্থে শেখ হাসিনার কাছে জিম্মি হয়ে পড়েছে। তবে এজন্য শুধু শেখ হাসিনা নন, ভারত সরকারেরও ভূমিকা রয়েছে।
ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেয়া এক সাক্ষাৎকারে কুগেলম্যান বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দেয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনার ভারতে অবস্থান ঢাকার জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে। এর ফলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়টি বাংলাদেশের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে। কুগেলম্যান বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে কঠিন সিদ্ধান্তগুলো ভারতের চেয়ে বাংলাদেশকেই বেশি নিতে হবে।
এর আগে ডেইলি ওয়াদাকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের ভারতনীতি জিম্মি করার সুযোগ দেয়া উচিত নয়। এ বিষয়ে কুগেলম্যানের মতামত জানতে চাওয়া হলে মজিনার সঙ্গে একমত পোষণ করে কুগেলম্যান। বলেন, রাষ্ট্রদূত মজিনার বক্তব্য আমি যদি সঠিকভাবে বুঝে থাকি, তাহলে তার সঙ্গে কিছুটা একমত। শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক অর্থে জিম্মি হয়ে পড়েছে।
তবে এই পরিস্থিতির জন্য শুধু শেখ হাসিনাকে দায়ী করতে চান না কুগেলম্যান। তার মতে, ভারত সরকারেরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, এখানে শেখ হাসিনা এবং ভারত সরকার— উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুগেলম্যানের মতে, শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দিয়েও তার রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করতে পারতো নয়াদিল্লি। বিশেষ করে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা সম্ভব ছিল।
শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে সম্পর্কের বাইরে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বৃহত্তর পরিসরে সম্পর্ক গড়ে তোলা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে কুগেলম্যান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের বিষয়টি তুলে ধরেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গেও ভারতের সম্পর্কের প্রসঙ্গ আলোচনায় আসে। কুগেলম্যান বলেন, বাংলাদেশে বহু বছর ধরেই এমন শক্তিশালী ধারণা রয়েছে যে, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং এমনভাবে দেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহকে প্রভাবিত করার চেষ্টা করে, যা অস্বাস্থ্যকর, এমনকি পুরোপুরি অনুচিত।
তবে বিএনপি ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় বলে উল্লেখ করেন তিনি। সেই সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। তার ভাষায়, বিএনপি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়, যতক্ষণ তা সমতার ভিত্তিতে হয়, অর্থাৎ বাংলাদেশকে ছোট অংশীদার হিসেবে বিবেচনা করা না হয়। সাক্ষাৎকারে বাংলাদেশে হিন্দুদের সঙ্গে আচরণ নিয়ে ভারতের সমালোচনার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে নয়াদিল্লির উদ্বেগের পাশাপাশি ভারতে মুসলমানদের সঙ্গে আচরণের বিষয়টিও বিবেচনায় নেয়া উচিত কি না, জানতে চায় ডেইলি ওয়াদা। কুগেলম্যান বলেন, বাংলাদেশের বিষয়ে অভিযোগটি অতিরঞ্জিত। আর ভারতের মুসলমানদের সঙ্গে কী হচ্ছে, সেটিও দেখুন।
তার মতে, এ ধরনের অভিযোগ প্রকাশ্যে তোলার ক্ষেত্রে সংযম দেখালে দুই দেশের মধ্যে উত্তেজনা কমতে পারে। কুগেলম্যান বলেন, নয়াদিল্লির জন্য খুব সহজ একটি পরিবর্তন হতে পারে এসব অভিযোগ কমিয়ে আনা অথবা অন্তত প্রকাশ্যে এসব অভিযোগ না তোলা।
সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেন কুগেলম্যান। তার মতে, বারবার দেশে ফেরার প্রতিশ্রুতি দিলেও শেখ হাসিনা বাস্তবে বাংলাদেশে ফিরবেন না। বরং আওয়ামী লীগ সমর্থকদের ঘিরে চলমান অস্থিরতা বিএনপি সরকারের ওপর চাপ বাড়িয়ে তার স্বার্থে কাজে আসতে পারে। আগামী বছর অর্থনৈতিক সংকট, জ্বালানি খাতের চাপ এবং ‘হাসিনা ফ্যাক্টর’-এর কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থিতিশীল দেশ হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে ফেব্রুয়ারির নির্বাচনকে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে অভিহিত করেন এই বিশ্লেষক। একই সঙ্গে বলেন, ক্ষমতায় যারাই থাকুক, তিনি চান বাংলাদেশ স্থিতিশীল থাকুক।
