সশস্ত্রবাহিনী দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রেসিডেন্টের

ফন্ট সাইজ:

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সশস্ত্রবাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক প্রেসিডেন্ট গতকাল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়।

এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর তিনি শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। এর আগে প্রেসিডেন্ট শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্রবাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায়। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক দিনটিকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস হিসেবে পালন করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। শনিবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রেসিডেন্টের প্রেস উইং।
প্রেস উইং জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সন্ধ্যা ৭টায় প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ প্রেসিডেন্টকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

প্রেসিডেন্ট সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সশস্ত্রবাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট বলেন, সশস্ত্রবাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্রবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।
প্রেসিডেন্ট সশস্ত্রবাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সশস্ত্রবাহিনীর সদস্যরা তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।