রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মায়ের মৃত্যুর পর এবার মারা গেল দেড় বছরের শিশুটিও। শিশু আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার শিশুটির মা গৃহবধূ সাবা (৩০) মারা যান। এ ঘটনায় একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবার স্বামী আবদুর রহমানসহ (২৯)সহ আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসার ৫ জন দগ্ধ হন। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। চিকিৎসাধীন বাকিরা হলেন- শিশুটির বাবা আবদুর রহমান (২৯), সানজিদা (২০), শামসুন নাহার (৫০)। শামসুন নাহার মেয়ে সানজিদাকে নিয়ে ওই বাসায় সাবলেট থাকতেন। এর মধ্যে সানজিদার শরীরের ৩৭ শতাংশ ও শামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তাদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, কলাবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ দেড় বছরের শিশু আরএস রহমান চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মারা যায়। তার শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
