সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড

সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড

ফন্ট সাইজ:

ডেভন কনওয়ের দায়িত্বশীল ব্যাটিং আর বোলারদের তোপে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ দক্ষিণ আফ্রিকাকে ৬৮ রানের বিশাল ব্যবধানে হারালো নিউজিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরালো স্বাগতিকরা।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম পাওয়ার-প্লেতে ৪৩ রান তুলে দলকে শক্ত ভিত্তি দেন। লাথাম ১১ রানে বিদায় নিলেও কনওয়ে এক প্রান্ত আগলে রেখে ৩৯ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক তুলে নেন। ২ ছক্কা ও ৫ চারে সাজানো তার ৬০ রানের ইনিংসটিই কিউইদের বড় সংগ্রহের মূল কারিগর। শেষ দিকে জশ ক্লার্কসন মাত্র ৯ বলে ২৬ রানের ঝোড়ো ‘ক্যামিও’ খেললে স্কোর ১৭৫-এ পৌঁছায়। দক্ষিণ আফ্রিকার হয়ে উইয়ান মুল্ডার ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীরা মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে জর্জ লিন্ডে ১২ বলে সর্বোচ্চ ৩৩ রান করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। কিউই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লোকি ফার্গুসন ও বেন সিয়ার্স। ফার্গুসন ৩.৩ ওভারে ১৬ রান দিয়ে ৩টি এবং সিয়ার্স ৩ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করে প্রোটিয়াদের ইনিংস ধসিয়ে দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন