যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা

দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা

ফন্ট সাইজ:

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানের কাছাকাছি বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এতে অভিযান বাতিল করে আঞ্চলিক একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। তবে ইরানের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই এ দাবি সামনে এলো।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে এসব ব্যবস্থা পরিচালিত হচ্ছিল।

বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রথমে যুদ্ধবিমানটির গতিবিধি অনুসরণ করে। পরে সেটিকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির কাছাকাছি বিস্ফোরিত হয়ে সেটির ক্ষতি করেছে। এতে পাইলটকে অভিযান বাতিল করে নিকটবর্তী একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
তবে কোন বিমানঘাঁটিতে যুদ্ধবিমানটি অবতরণ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।

এদিকে ইরানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেটিকে জরুরি অবতরণে বাধ্য করেছে। কিন্তু এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

গতকাল কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ইরান হামলা করেনি। মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ অবগত রয়েছে।