কুঁচকির চোটে শেষ টেস্টে অনিশ্চিত মুশফিক

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকুর রহীমের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরনো কুঁচকির চোট আবারো ভোগাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারকে। পরিস্থিতি এমন পর্যায়ে যে, শেষ টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দলীয় সূত্র। গতকাল দলের অনুশীলনে সবার আগে মাঠে এলেও স্বাভাবিক প্রস্তুতিতে ছিলেন না মুশফিক। দলীয় সূত্র জানিয়েছে, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে মুশফিককে। আজ তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা। সেই পরীক্ষার ফল এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে তাকে খেলানোর সিদ্ধান্ত।

তবে টিম ম্যানেজমেন্টের এক সদস্যের ভাষ্য, শেষ টেস্টে এই ব্যাটারকে পাওয়ার সম্ভাবনা অতি সামান্য। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় পুরোনো কুঁচকির চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠে মুশফিকের। অস্বস্তি নিয়েই দুই ইনিংসে ব্যাট করেন তিনি। প্রথম ইনিংসে প্রথম বলেই শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে করেন ২২ রান। দুই ইনিংস মিলিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। এবার সেই চোটই তাকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দেওয়ার শঙ্কা তৈরি করেছে। প্রথম টেস্টে মুশফিকের ব্যাটিং পজিশন নিয়েও আলোচনা ছিল। নিজের পছন্দের পাঁচ নম্বর জায়গায় খেলতে পারেননি তিনি। ওই পজিশনে ব্যাট করেন তাওহীদ হৃদয়। মুশফিককে নামতে হয় ছয় নম্বরে। অবশ্য শুধু ব্যাটিং পজিশন নয়, সাম্প্রতিক সময়ে তার রান খরাও আলোচনায় রয়েছে। সর্বশেষ ১১ ইনিংসে ফিফটি পেয়েছেন মাত্র একটি। ৩৯ বছর বয়সী এই ব্যাটারের পারফরম্যান্স ও একাদশে জায়গা নিয়েও ক্রিকেট মহলে প্রশ্ন উঠছিল।

তবে বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ে মুশফিকের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মিডলঅর্ডারে দলের ভরসা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। চাপের মুখে ইনিংস সামলানো কিংবা ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার অভিজ্ঞতা রয়েছে তার। শেষ পর্যন্ত তাকে পাওয়া না গেলে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হতে পারে। আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।