এবার ভেন্যু বদলের দাবি ইরানের

ফিফা বিশ্বকাপ

এবার ভেন্যু বদলের দাবি ইরানের

ফন্ট সাইজ:

বিষয়টি অনুমিতই ছিলো। এবার আনুষ্ঠানিকভাবে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। নিরাপত্তাসংক্রান্ত কারণে যুক্তরাষ্ট্রে নিজেদের পূর্বনির্ধারিত ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনার কথা জানালেন এফএফআইআরআই সভাপতি মেহদি তাজ। মূলত ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ এবং সেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততাই এ অনিশ্চয়তার মূল কারণ।

গত ফেব্রুয়ারি মাসে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হলে এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে জানান, ইরানি ফুটবলারদের জন্য সেখানে খেলা তাদের ‘জীবন ও নিরাপত্তার’ জন্য সঠিক সিদ্ধান্ত না-ও হতে পারে। ট্রাম্পের এমন মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে তেহরান। মেহেদি তাজ সাফ জানিয়েছেন, ‘যেখানে খোদ ট্রাম্প ইরানি দলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না, সেখানে আমরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করব না। আমরা ফিফার সাথে আলোচনা করছি যাতে আমাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেয়া হয়।’

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে মাঠে গড়ানোর কথা। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। ভেন্যু পরিবর্তন না হলে ইরান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে তেমন কিছু হলে আধুনিক ফুটবলের ইতিহাসে সেটি হবে একটি নজিরবিহীন ঘটনা।

১১ই জুন শুরু হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞে লজিস্টিক সাপোর্টের দিক থেকে ভেন্যু পরিবর্তন ফিফার জন্য একটি বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কোন ধরণের সমাধান বের করবে, সেটিই এখন দেখার বিষয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন