প্রকল্পের পর প্রকল্প। নদী রক্ষার নামে ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। কখনো যমুনা থেকে পানি আনার উদ্যোগ, কখনো ওয়াকওয়ে নির্মাণ, কখনো পলিথিন ও আবর্জনা অপসারণ। হয়েছে দখলমুক্ত করার অভিযান, সীমানা পিলার স্থাপন ও সৌন্দর্যবর্ধন। কিন্তু এত আয়োজনের পরও বুড়িগঙ্গার চেহারা বদলায়নি। নদীর পানিতে দুর্গন্ধ, কালো রং আর দূষণের মাত্রা কমেনি। শুষ্ক মৌসুমে নিশ্চিত হয়নি স্বাভাবিক পানিপ্রবাহ। উল্টো নদীর আদি চ্যানেলসহ বিভিন্ন অংশে জমেছে গৃহস্থালি আবর্জনা ও প্লাস্টিক বর্জ্যের স্তূপ। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে বুড়িগঙ্গার আদি চ্যানেলের ইসলামবাগ এলাকায় ১০ দিনের অভিযানে ৩৯০ টন বর্জ্য অপসারণ ও ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কিন্তু বিপুল বর্জ্যে ভরাট হয়ে যাওয়া চ্যানেল পরিষ্কারে এই অভিযান যথেষ্ট নয় বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে প্রশ্ন উঠেছে- হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরও কেন বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা যাচ্ছে না? কেন বারবার অভিযান চালিয়েও বন্ধ হচ্ছে না নদী দখল ও দূষণ?
বুড়িগঙ্গা রক্ষায় প্রকল্পনির্ভর অর্থ ব্যয়ের পরিবর্তে কার্যকর, জবাবদিহিমূলক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ। বৃহস্পতিবার সংগঠনটির আহ্বায়ক রাশেদ আলী ও যুগ্ম সদস্য সচিব মো. ইউনূছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে নদী রক্ষায় ‘রক্ষায় প্রণোদনা, দূষণে শাস্তি’- নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সূত্র জানায়, ২০১০ সালে প্রায় ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে বুড়িগঙ্গায় পানি আনার প্রকল্প গ্রহণ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল নদীর পানিপ্রবাহ বাড়িয়ে দূষণ পরিস্থিতির উন্নতি করা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত পানিপ্রবাহ নিশ্চিত হয়নি। ফলে শুষ্ক মৌসুমে নদীর পানি কালো হয়ে যায়। ছড়ায় দুর্গন্ধ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য। অন্যদিকে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণে ২০১১ সালে ১৭ কোটি টাকার প্রকল্প নেয়া হয়। একই উদ্দেশ্যে ২০২৫ সালে আরও প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এ ছাড়া, নদীর দুই তীর দখলমুক্ত করতে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান, সীমানা পিলার স্থাপন ও সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছে। কিন্তু এত সব উদ্যোগের পরও নদীর সামগ্রিক পরিবেশগত অবস্থার দৃশ্যমান উন্নতি হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি।
আদি চ্যানেলে বর্জ্যের পাহাড়: নদী রক্ষায় নানা উদ্যোগের মধ্যেই বুড়িগঙ্গার আদি চ্যানেলের ইসলামবাগ এলাকায় ভয়াবহ দূষণের চিত্র উঠে এসেছে। দীর্ঘদিন ধরে গৃহস্থালি আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলে ভরাট করা হয়েছে চ্যানেলটির বড় একটি অংশ। নদীর তীরভূমিতেও জমেছে বর্জ্যের স্তূপ। কোথাও কোথাও বর্জ্যের কারণে চ্যানেলের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়ভাবে নিয়মিত বর্জ্য ফেলার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১২ থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত ১০ কার্যদিবসে লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন বুড়িগঙ্গার ইসলামবাগ এলাকায় উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ৩৯০ টন বর্জ্য অপসারণ এবং ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আদি বুড়িগঙ্গা চ্যানেলের ঠোটার মুখ থেকে লোহার ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরে গৃহস্থালি ও প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে আছে। এতে চ্যানেল ও তীরভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষের বর্জ্য ফেলার প্রবণতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিআইডব্লিউটিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনার কারণে একপর্যায়ে এলাকাটি বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বর্জ্য ফেলার প্রবণতা বৃদ্ধি পায়। দীর্ঘদিনের এই পরিস্থিতিতে নদীর জায়গা বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে।
বিআইডব্লিউটিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় ইসলামবাগ এলাকায় কয়েকজন ব্যক্তি নদীতীরের জমির মালিকানা দাবি করে বাধা দেয়ার চেষ্টা করেন। তবে তাদের দাবি যথাযথ না হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযানে বর্জ্য অপসারণ করা হলেও সেগুলো কোথায় রাখা হবে, তা নিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। বিআইডব্লিউটিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় বর্জ্য ফেলার পর্যাপ্ত স্থান না থাকায় অপসারিত বর্জ্য মাতুয়াইল ও আমিনবাজারের সিটি করপোরেশনের বর্জ্য ডাম্পিং স্টেশনে নিতে হচ্ছে। এতে অতিরিক্ত ব্যয় ও সময় লাগছে। বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক রাশেদ আলী মানবজমিনকে বলেন, নদী রক্ষার উদ্যোগগুলোতে অবকাঠামো নির্মাণ ও অর্থব্যয়ের বিষয়টি গুরুত্ব পেলেও দূষণের মূল উৎস বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। নদীর পানিতে বর্জ্য মিশছে, তীর দখল হচ্ছে, কোথাও কোথাও নদীর জায়গা ভরাট করা হচ্ছে। ফলে একদিকে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দূষণের মাত্রা বাড়ছে। শুধু উচ্ছেদ অভিযান কিংবা সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নদীকে বাঁচানো সম্ভব নয়। দূষণ ও দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োজন।
বিবৃতিতে উচ্চ আদালতের নির্দেশনার প্রসঙ্গ তুলে বলা হয়, নদী রক্ষায় আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও নির্দেশনা থাকলেও মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবায়নে সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় নদী দখল ও দূষণ বন্ধ হচ্ছে না। নদীর তীরবর্তী এলাকায় অবৈধ কর্মকাণ্ড চললেও সেগুলোর বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বুড়িগঙ্গার অস্তিত্ব আরও সংকটের মুখে পড়বে। নদীর তীরবর্তী কিছু এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা, রিকশা-ভ্যানের গ্যারেজ, টং দোকান ও মাদকসেবনের আস্তানা গড়ে উঠেছে। এসব কর্মকাণ্ডের পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও দাবি করা হয়। তিনি আরও বলেন, বুড়িগঙ্গা মঞ্চ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীতীর দখলমুক্ত করা এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একইসঙ্গে নদীতে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত নজরদারি, বর্জ্যের উৎস শনাক্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা: বুড়িগঙ্গাসহ দেশের নদনদী রক্ষায় বিচ্ছিন্ন ও স্বল্পমেয়াদি প্রকল্পের পরিবর্তে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করার কথা বলছেন সংশ্লিষ্টরা। নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, দূষণের উৎস বন্ধ করা, অবৈধ দখল উচ্ছেদ এবং নদীর তীরবর্তী পরিবেশ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নদীতীরবর্তী জনগোষ্ঠী, পরিবেশকর্মী এবং সংশ্লিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করার আহ্বান জানান নদী রক্ষার সংগঠকরা। এ বিষয়ে এডভোকেট মঞ্জিল মোরশেদ মানবজমিনকে বলেন, যারা নদী রক্ষায় ভূমিকা রাখবে তাদের উৎসাহিত করতে হবে। অন্যদিকে, যারা নদীদূষণ ও দখলের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। নদী রক্ষার নামে বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
সেভ দ্য সোসাইটির সভাপতি ড. কবিরুল বাশার মানবজমিনকে বলেন, নদী রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও সম্মিলিত কর্তব্য। সরকারি সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া নদীকে দূষণ ও দখল মুক্ত করা সম্ভব নয়। নতুন প্রকল্পের ঘোষণা নয়, বরং আগে নেয়া প্রকল্পগুলোর ফলাফল পর্যালোচনা এবং নদী বাঁচাতে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ জরুরি।
