দীর্ঘদিন পর ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ নাটকে ছোট চাচা ওসমান চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই পারিবারিক ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি বুধ ও বৃহস্পতিবার। এরই মধ্যে ১৪টি পর্ব প্রচারের মাধ্যমেই বেশ দর্শকপ্রিয়তায় উঠে এসেছে নাটকটি। আর এর মাধ্যমে দীর্ঘদিন পর ফিরে আলোচনায় চলে এসেছেন জাহিদ হাসান। ওসমান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন তিনি।
জাহিদ হাসান আগেই জানিয়েছিলেন, পরিচালক রাজের ওপর তার সর্বোচ্চ আস্থা থাকার কথা। পাশাপাশি জাহিদ হাসানের ক্যারিশমাটিক উপস্থিতি নাটকটিকে ভিন্নমাত্রা দান করেছে। ‘ফিরে আসার গল্প’-এ খায়রুল বাসারের ছোট মামা ও তানজিম সাইয়ারা তটিনীর ছোট চাচা চরিত্রে অভিনয় করেছেন তিনি; যিনি শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই। দীপা খন্দকার অভিনয় করেছেন জাহিদের স্ত্রীর চরিত্রে। পারিবারিক ভালোবাসা ও একইসঙ্গে জটিলতার এক অপূর্ব সমন্বয় আনা হয়েছে ধারাবাহিকটিতে। এরই মধ্যে নাটকটির মাধ্যমে প্রশংসায় ভাসছেন জাহিদ হাসান। বিশেষ করে নাটকটির ইউটিউবের মন্তব্য ঘরে দর্শকরা তার মুগ্ধতা প্রকাশ করেছেন।
পাশাপাশি সামাজিক মাধ্যমেও জাহিদ হাসানকে নিয়ে নতুন করে আলোচনা চলছে। ওসমান চরিত্রে অভিনয় বিষয়ে জাহিদ হাসান বলেন, একটি পরিবার যেভাবে থাকে সেভাবেই আমরা একটি পরিবার হয়ে এখানে কাজ করেছি। কৃত্রিমতা তেমন একটা নেই। বিশেষ করে আমার চরিত্রের ক্ষেত্রে। আমার মনে হয় পরিচালক রাজও প্রতিটি চরিত্রকে সেভাবে তুলতে সমর্থ হয়েছে। তবে আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন পর অভিনয়ে ফেরার পর তারা আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন।
