এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের প্রবাসী বিনিয়োগকারীদের শতকোটি টাকার বিনিয়োগ, সম্পদ ও স্বার্থের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ দখল, চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ কামনায় প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির মাধ্যমে এ চিঠি দেয়া হয়।
শতাধিক প্রবাসী বিনিয়োগকারীদের তরফে সাঈদ চৌধুরী (প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট), সিরাজ হক(বিনিয়োগকারী, এক্সেলসিয়র সিলেট ও চেয়ারম্যান, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন) এবং আহমদ আলী (পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক, এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট) এই চিঠি দেন।
প্রধানমন্ত্রী বরাবর ওই চিঠিতে বলা হয়, বিনীতভাবে জানাচ্ছি যে, আমরা যুক্তরাজ্য-সহ বিভিন্ন দেশে বসবাসরত এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের শতাধিক প্রবাসী বিনিয়োগকারীর পক্ষ থেকে বাংলাদেশের প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা, আমাদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের কষ্টার্জিত পুঁজি ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আপনার সদয় দৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছি। সিলেটের খাদিমপাড়ায় প্রায় ১৭ একর নিজস্ব জমির ওপর শতকোটি টাকারও বেশি মূল্যের প্রতিষ্ঠান প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি) আমাদের দীর্ঘ প্রায় এক যুগের শ্রম, স্বপ্ন ও সম্মিলিত বিনিয়োগের ফসল।
চিঠিতে বলা হয়, দেশ-বিদেশের প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে প্রতিষ্ঠিত এই পর্যটন প্রকল্পটি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়; এটি বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। কিন্তু অত্যন্ত দুঃখ ও উদ্বেগের বিষয়, প্রতিষ্ঠানটি যখন পূর্ণাঙ্গ ব্যবসায়িক সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং বিনিয়োগের সুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক তখনই একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ দখল, চাঁদাবাজি, হুমকি ও হয়রানির শিকার হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সরকারি দলের নাম ভাঙিয়ে জনৈক রাহাত চৌধুরী মুন্না ও তার সহযোগীরা অবৈধভাবে রিসোর্টটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। মালিকপক্ষ ও কর্মচারীদের ওপর হামলা ও বিভিন্ন মামলার মাধ্যমে হয়রানি এবং প্রতিষ্ঠানে প্রবেশ ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করা হচ্ছে। রিসোর্টটির প্রকৃত মালিকানা ও বিনিয়োগকারীদের বৈধ স্বার্থ উপেক্ষা করে চক্রটি প্রতিষ্ঠানটির ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। দুর্বৃত্তরা রিসোর্টের প্রাকৃতিক অভয়ারণ্যে থাকা ৪টি হরিণ-সহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে গেছে। লুট করেছে বহু মূল্যবান আসবাবপত্র। কেটে ফেলেছে অসংখ্য মূল্যবান গাছ। তাদের এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিনষ্ট হয়েছে রিসোর্টের নান্দনিক প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। মনোরম ও আকর্ষণীয় প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট একটি পূর্ণাঙ্গ পর্যটন ও বিনোদনকেন্দ্র। এখানে রয়েছে সাধারণ, সুইট ও ডিলাক্স রুমসহ মোট ৫২টি আবাসিক কক্ষ। প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়ার এসব কক্ষে রয়েছে পর্যটক ও অতিথিদের থাকার ব্যবস্থা।
চিঠিতে আরও বলা হয়, রিসোর্টটিতে রয়েছে পার্ক ও বিভিন্ন রাইডস, সুইমিং পুল, লেক, কনফারেন্স হল ও ব্যাংকুয়েট হল। কর্পোরেট অনুষ্ঠান, সম্মেলন, সামাজিক আয়োজন ও অবকাশ যাপনের জন্য এটি হয়ে উঠেছিল একটি আকর্ষণীয় ও ব্যতিক্রমী প্রতিষ্ঠান।
ব্রিটিশ মন্ত্রীসহ বহু আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠান এখানে অনুষ্ঠান আয়োজন করেছেন। দেশের বিভিন্ন ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি এবং মার্কেট মালিক সমিতির উদ্যোগেও রিসোর্টটি ব্যবহৃত হয়ে আসছিল। এসব প্রতিষ্ঠান সাধারণত তিন থেকে চার দিনের জন্য পুরো রিসোর্ট ভাড়া নিয়ে সম্মেলন, বার্ষিক অনুষ্ঠান ও হলিডে উদযাপন করতে শুরু করেছিল। সব মিলিয়ে এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট শুধু একটি আবাসিক হোটেল নয়, এটি হয়ে উঠেছিল পর্যটন, কর্মসংস্থান, ব্যবসায়িক সম্মেলন ও আন্তর্জাতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এই হোটেল অ্যান্ড রিসোর্ট যখন মাসে প্রায় ৫০ লাখ টাকা আয়ের সক্ষমতা অর্জন করেছিল এবং পর্যটন, বিনোদন ও কর্পোরেট ইভেন্ট আয়োজনের মাধ্যমে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল, ঠিক তখনই পর্যটন প্রকল্পটি দখলের অপচেষ্টা শুরু হয় বলেও উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট আমলের কিছু দুর্বৃত্ত প্রকল্পটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টা ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে তাদের সরানো সম্ভব হলেও গত বছর থেকে নতুন একটি চক্র রিসোর্টটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মাসে প্রায় ৫০ লাখ টাকা আয়ের সক্ষমতাসম্পন্ন এমন একটি বৃহৎ পর্যটন প্রকল্প মাত্র এক লাখ টাকা মাসিক ভাড়ায় ইজারা দেওয়া হয়েছে বলে দাবি করছে নতুন চক্রের হোতা রাহাত চৌধুরী মুন্না ও তাঁর সহযোগীরা। একটি সম্ভাবনাময় পর্যটন প্রতিষ্ঠানকে ঘিরে এমন পরিস্থিতি শুধু বিনিয়োগ ও সম্পদের নিরাপত্তা নয়, বরং পর্যটনশিল্প এবং সংশ্লিষ্ট কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি করেছে। এক্সেলসিয়র সিলেটের ওয়েবসাইট ও ফেসবুক পেজের নাম পরিবর্তন করে পুরোনো তথ্য মুছে ফেলা হচ্ছে এবং প্রতিষ্ঠানের নামে একের পর এক ভুয়া পেজ তৈরি করা হচ্ছে, যা বন্ধে দ্রুত আইনগত ও সাইবার নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এ ছাড়া তারা রিসোর্টের অভ্যন্তরে মাদক ও নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে এলাকায় সামাজিক অবক্ষয় ও অনাচার বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে প্রতিষ্ঠানটির প্রতি নেতিবাচক মনোভাব, ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলার ওপর বিরূপ প্রভাব ফেলছে। সিলেটের প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অপরাধী ব্যক্তিদের হাতেনাতে আটক করলেও পরবর্তীতে মূল অভিযুক্ত-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ না করে বিশেষ সুবিধার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বরাবর কয়েকটি লিংক যুক্ত করা হয়। সেগুলো হলো - ২০১৫ সালে: Excelsior Sylhet hotel & resort, মাস্টারপ্ল্যান: 2 Excelsior Sylhet Masterplan – YouTube, লন্ডনে বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশ: https://fb.watch/KZQu1Y6zlJ/, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সহায়তা কামনা: https://www.facebook.com/reel/2708114306258431 এবং https://fb.watch/KZQQ4k1CSz/
এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ভবিষ্যৎ সম্প্রসারণ ও উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক মানের মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে, যার সঙ্গে যুক্ত রয়েছেন লন্ডন অলিম্পিকের অন্যতম ডিজাইনার বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, কিন্তু দীর্ঘদিনের পরিকল্পনা ও বিপুল বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা এই প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আগেই কথিত দখলদারত্ব, চাঁদাবাজি ও নানা প্রতিবন্ধকতার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের কাছে প্রত্যাশা প্রকাশ করে বলা হয়, বাংলাদেশকে প্রবাসীবান্ধব বিনিয়োগের নিরাপদ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। প্রবাসীরা দেশের উন্নয়নে তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত হবেন। কিন্তু দেশে ফিরে কিংবা দূর থেকে নিজের বিনিয়োগ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে প্রবাসীদের বিনিয়োগে আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এক্সেলসিয়র সিলেটের ঘটনা তাই কেবল একটি প্রতিষ্ঠানের মালিকানা বা ব্যবসায়িক বিরোধের বিষয় নয়, এটি বাংলাদেশে প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা, আইনের শাসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশের বিশ্বাসযোগ্যতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।
আরও বলা হয়, আমরা ইতিপূর্বে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের মাধ্যমে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য প্রেরণ করেছি। কিন্তু এখন পর্যন্ত হাইকমিশন কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে কোনো জবাব বা কার্যকর পদক্ষেপের তথ্য পাইনি। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনায় মাননীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনির মাধ্যমে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় হস্তক্ষেপে এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের প্রবাসী বিনিয়োগকারীরা তাঁদের হারানো আস্থা ফিরে পাবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। একই সঙ্গে সরকারের প্রতি প্রবাসী বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের পথ সুগম হবে বলেও উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রীকে এক্সেলসিয়র সিলেট হোটেলের বিনিয়োগকারীদের চিঠি
দখল, চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ কামনা
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২১ নভেম্বর (শনিবার), ২০২৬, ২ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
