শিক্ষা খাতে বরাদ্দ থেকে জলবায়ু, ন্যায়বিচার ইস্যুতে ইউরোপজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা খাতে বরাদ্দ থেকে জলবায়ু, ন্যায়বিচার ইস্যুতে ইউরোপজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

ইউরোপজুড়ে নতুন করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জলবায়ু ইস্যুতে ন্যায়বিচার নিশ্চিত করা থেকে শুরু করে বাধ্যতামূলক সামরিক নিয়োগ বন্ধের দাবিতে শুক্রবার বিভিন্ন দেশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভের অনুপ্রেরণায় এই আন্দোলন ছড়িয়ে পড়লেও অন্যান্য দেশের কর্মসূচিগুলো ছিল তুলনামূলকভাবে শান্ত ও সীমিত। আয়োজকরা জানিয়েছেন বৃটেন, জার্মানি, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়াসহ অন্তত ২৫টি দেশে ‘আন্তর্জাতিক যুব ধর্মঘট’ কর্মসূচি পালন করা হয়েছে। জার্মানিতে ‘জেন জেড রেগেল্ট’ (জেন জেডের দায়িত্ব গ্রহণ) নামের একটি আন্দোলনকারী সংগঠন জানিয়েছে, দেশটির ৭৩টি শহর ও ছোট শহরে বিক্ষোভের আয়োজন করেছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জার্মানির কোলন শহরের একটি বিক্ষোভে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন হামাদি বলেন, সর্বত্র যেভাবে ব্যয় সংকোচন করা হচ্ছে, তাতে আমি মোটেও খুশি নই। শুধু আমার বিশ্ববিদ্যালয়েই নয়, সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও স্কুলগুলোতেও এর প্রভাব পড়ছে। এ কারণেই আমি এখানে এসেছি। প্রতিবাদ জানাতে এবং পরিবর্তনের দাবি তুলতে। এভাবে আর চলতে পারে না।

বেশির ভাগ বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। এসব কর্মসূচিতে কয়েক শ থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। তবে ইতালিতে বিক্ষোভের ব্যাপ্তি ছিল আরও বড়। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে সেখানে বিক্ষোভকারীরা উচ্চ মজুরি এবং জনসেবামূলক খাতে সরকারি ব্যয় বাড়ানোর দাবি জানান। ফ্রান্সে এর আগে অনুষ্ঠিত আরও বড় বিক্ষোভগুলোতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের পর গত মাসে নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের নেতা আলেক্সান্দার ভুচিচের ক্ষমতার অবসান ঘটে। একই সময়ে আলবেনিয়াতেও অস্থিরতা ও বিক্ষোভ দেখা গেছে।

ইতালির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএলের নেতা মাউরিজিও লানদিনি বলেন, এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণরা রাস্তায় নেমে এসেছেন। দেশজুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়ার সময় তিনি আরও বলেন, ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

আগের বিক্ষোভগুলোর মতো এবারও শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল বৈচিত্র্য। শিক্ষা খাতে বরাদ্দ ও স্কুলের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। শুক্রবারের বিক্ষোভে অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা গেছে। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে সামরিক খাতে ব্যয় কমানো এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক আলেক্সান্ডারপ্লাৎজ চত্বরে প্রায় চার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। অন্যদিকে কোলনের বিক্ষোভে পাঁচ হাজার মানুষের সমাগম হয় বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত তার চেয়ে কম মানুষ উপস্থিত হন। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক হাজার।

ফ্রান্সের প্যারিসে বিক্ষোভে অংশ নেয়া ২৫ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী ইভলিন বলেন, আমাদের অনেকেই জেনারেশন জেডের সদস্য। আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। জীবনযাত্রার ব্যয়, আসন্ন জলবায়ু সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে কোটি কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা আমাদের ভাবিয়ে তুলছে। তিনি আরও বলেন, যারা এখন সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ওপর যদি আমরা সবকিছু ছেড়ে দিই, তাহলে আমাদের সামনে অপেক্ষা করছে মৃত্যুর ভবিষ্যৎ। ইংলিশ চ্যানেলের ওপারে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও শত শত বিক্ষোভকারী জড়ো হন। সেখানে এক বিক্ষোভকারীর হাতে থাকা কার্ডবোর্ডের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি ক্লাস ফাঁকি দিচ্ছিলাম না, বেঁচে থাকার জন্য কাজ করছিলাম।’