প্রতারণা থেকে পাচার, নানা অপরাধে জড়াচ্ছেন বিদেশিরা

সহযোগীদের খবর

প্রতারণা থেকে পাচার, নানা অপরাধে জড়াচ্ছেন বিদেশিরা

ফন্ট সাইজ:

প্রথম আলো

‘প্রতারণা থেকে পাচার, নানা অপরাধে জড়াচ্ছেন বিদেশিরা’—দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বাংলাদেশে অনলাইনে প্রতারণা, জুয়া, মাদক, সোনা চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বিদেশি নাগরিকদের একটা অংশ। এমন নানা অপরাধের ঘটনায় গত দুই বছরে বিভিন্ন দেশের ৬৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের—৩৪৬ জন। ভারতীয়দের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, সোনাসহ বিভিন্ন ধরনের চোরাচালানের অভিযোগ উল্লেখযোগ্য।

গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ভারতের পরেই রয়েছেন মিয়ানমারের ৬২, তাইওয়ানের ৬১, লাওসের ৩৫, পাকিস্তানের ২৪ ও চীনের ২২ জন। এ ছাড়া ভিয়েতনাম ও নেপালের একজন করে এবং নাইজেরিয়া, সোমালিয়া, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের ৮১ নাগরিক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা, ভুয়া ক্রিপ্টোকারেন্সি বা ভুয়া বিনিয়োগ স্কিম, স্ক্যাম সেন্টার পরিচালনা, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার বিদেশি নাগরিকদের মধ্যে ১২৭ জন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

১১ নভেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকায় বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতর থেকে অস্ত্র, গুলিসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। বিজিবি জানায়, তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৩৫টি গুলি ও দুটি দা উদ্ধার করা হয়। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

এর আগে গত ২৭ আগস্ট থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই ভারতীয় নাগরিককে ৫ কেজি ১২০ গ্রাম কুশ মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এর আগে ২২ আগস্ট ৩ কেজি কুশসহ একজন এবং ২৪ আগস্ট ৫ কেজি কুশসহ আরও দুজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৬ মাসে বিভিন্ন দেশের ২২ লাখ ৬৮ হাজার ৬৫ মানুষ বাংলাদেশে এসেছেন। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন ১২৬ দেশের ৭ হাজার ৮৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ভারতীয় নাগরিক—যার সংখ্যা ২ হাজার ১৬৪। এরপরই রয়েছে চীনের নাগরিক—১ হাজার ৯৯৫ জন। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারী সবাই অপরাধে জড়িয়েছেন, তা নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বড় একটি অংশ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের অধিকাংশ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে থাকেন।

পুলিশ কর্মকর্তাদের মতে, অপরাধে জড়ানোর প্রবণতা যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা নির্দিষ্ট কিছু দেশের নাগরিক। বেশির ভাগই ব্যবসা ও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন। কেউ কেউ অন অ্যারাইভাল ভিসায় এসে অবৈধভাবে থেকে গেছেন। তাঁদের কেউ কেউ পাসপোর্ট নষ্ট করে ফেলে, পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে বাংলাদেশে থেকে যান।

এসব বিদেশি নাগরিকের অপরাধের ধরন নানা রকম। সোনা বা বিট কয়েনে বিনিয়োগ করে অল্প সময়ে বিপুল মুনাফার আশ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব করে বিদেশ থেকে দামি উপহার পাঠানোর প্রলোভন, অনলাইনে আকর্ষণীয় উপার্জনের সুযোগ দেখিয়ে প্রতারণা করছে বিভিন্ন চক্র। ব্যাংকের এটিএম বুথ ও ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইন ক্যাসিনো বা জুয়া, মাদকের কারবার, মোবাইল ব্যাংকিং প্রতারণা, জাল মুদ্রা তৈরি, অবৈধ ভিওআইপি ব্যবসা, সোনা চোরাচালান, অর্থ পাচার ও মানব পাচারের মতো অপরাধেও বিদেশি নাগরিকদের জড়িত থাকার তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ প্রথম আলোকে বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশি নাগরিকেরা অপরাধে জড়িয়ে পড়ছেন। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে তাঁরা আবার একই ধরনের অপরাধে জড়াচ্ছেন। এ ক্ষেত্রে তাঁদের আবারও আইনের আওতায় আনা হচ্ছে।

গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে স্ক্যাম সেন্টারের আদলে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৭০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

এর আগে রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে একই ধরনের চক্রের ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম ও কক্সবাজারের দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, লাওস, নেপাল, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। তাঁরা বাংলাদেশে স্ক্যাম বা প্রতারণা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

প্রসঙ্গত, উচ্চ বেতনের আশ্বাসে বিদেশে মানব পাচার ও পরে জিম্মি করার ঘটনায় সাম্প্রতিক সময়ে কম্বোডিয়া ও মিয়ামানমারকেন্দ্রিক স্ক্যাম সেন্টারগুলো আলোচনায় এসেছে, যেখানে অনেক বাংলাদেশি নাগরিকও ভুক্তভোগী।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আহসান হাবীব পলাশ বলেন, বিদেশি একটি চক্র কিছু বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে স্ক্যাম সেন্টার বা প্রতারণা কেন্দ্র গড়ে তুলেছিল। ওই চক্রের সহযোগিতায় এখন বাংলাদেশে এসে স্ক্যাম সেন্টার গড়ে তোলার পাঁয়তারা করছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নজরদারিতে রেখেছে।

আগের হিসাবেও বিপুল বিদেশির অবৈধ অবস্থান

এর আগেও বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গিয়েছিল। পুলিশের বিশেষ শাখার (এসবি) আগের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত অপরাধমূলক কর্মকাণ্ডের বিভিন্ন মামলায় ৩৩ দেশের ৭২৬ নাগরিক আসামি হন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি নাইজেরিয়ার, ৯১ জন। এরপর পাকিস্তানের ২৮ ও ক্যামেরুনের ১৭ জন। ওই সময়ে ১৪ দেশের ১৩৭ নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বেশির ভাগের বিরুদ্ধে প্রতারণা, এটিএম কার্ড জালিয়াতি ও মাদক পাচারের অভিযোগ ছিল।

২০২৩ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক ছিলেন ৮৬ হাজার ৯৬২ জন। তাঁদের মধ্যে ৪২ হাজার ৪২৯ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। অবৈধভাবে অবস্থানকারীদের মধ্যে ৫ হাজার ৫৯৭ জন এসেছিলেন অন অ্যারাইভাল ভিসায়। অন্যরা ব্যবসা, ভ্রমণ, শিক্ষার্থী, খেলোয়াড় ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসায় এসেছিলেন।

কুরিয়ারে ওষুধ পাচার

ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধ কুরিয়ারে বিদেশে পাচারের অভিযোগে গত ১৪ অক্টোবর রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে এসআরবি-৩। তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ওষুধ ও ছয় লাখ টাকা জব্দ করা হয়।

এসআরবি ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, চক্রটি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে কম দামে কেনা ওষুধ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাচার করত। গ্রেপ্তার চীনা নাগরিক লি ফেন ৩০ দিনের পর্যটন ভিসায় বাংলাদেশে এসে মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরে যেতেন। এরপর আবার নতুন ভিসায় আসতেন।

বিনিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাৎ

ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের জুলাইয়ে ঢাকার বসুন্ধরা ও পল্লবী থেকে নাইজেরিয়ার দুই নাগরিক এবং তাঁদের বাংলাদেশি এক সহযোগীকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চক্রটি নিজেদের বিত্তবান বিদেশি পরিচয় দিয়ে বিনিয়োগে মুনাফা এবং বিদেশ থেকে দামি উপহার পাঠানোর প্রলোভন দেখাত। এভাবে শতাধিক ব্যক্তির কাছ থেকে ১৮ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তার দুই নাইজেরীয় নাগরিকের ভিসার মেয়াদও শেষ হয়েছিল।

অন্যদিকে ২০২৩ সালের ৩ আগস্ট অ্যামাজনের আদলে ওয়েবসাইট খুলে দিনে ২০ মিনিট কাজ করে মাসে ১৮ হাজার টাকা আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে চীনের দুই নাগরিকসহ চারজনকে চট্টগ্রামের সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতারণার শিকার সাবেক এক সরকারি কর্মকর্তার করা মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ।

অপরাধ নিয়ন্ত্রণ ও প্রত্যাবাসনে জটিলতা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, অপরাধে জড়িত বিদেশিদের কেউ কেউ গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ান। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বিদেশিদের কেউ কেউ পাসপোর্ট নষ্ট করা বা হারানোর জিডির সুযোগ নেন। আবার মামলার কারণে দীর্ঘদিন বাংলাদেশে অবস্থানের সুযোগও তৈরি হয়। আবার তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বাংলাদেশ সরকারকে বহন করতে হয়। এটিও প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি বাধা।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, বিদেশিদের অপরাধের মাত্রা চরম আকার ধারণ করেনি। তবে সরকারের নির্দেশ পেলে অভিযান চালিয়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘সন্ত্রাস-নাশকতায় কী অর্জন’। প্রতিবেদেন বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়াসহ দেশের বেশকিছু এলাকায় আগুন সন্ত্রাস ও ভাঙচুরসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ডই জনমনে ছিল আলোচনার বিষয়বস্তু। সপ্তাহজুড়েই ছড়িয়েছিল উদ্বেগ-উৎকণ্ঠা। তবে শুক্রবার থেকে এই প্রবণতা কমে গেছে। ফলে দেশের রাজনীতিতে আলোচনা উঠেছে, ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে কী লাভ হলো! তাছাড়া এসব কর্মকাণ্ডে দলটির রাজনীতিতে ইতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা, নাকি ‘আগুন-সন্ত্রাস’র বয়ান এখন আওয়ামী লীগকে কেন্দ্র করে তৈরি হবে, উঠেছে এমন প্রশ্নও।

মার্কসবাদী দর্শনে বিদ্যমান শোষণমূলক রাষ্ট্রব্যবস্থা ও পুঁজিবাদী কাঠামো পরিবর্তনে বিপ্লবী বলপ্রয়োগের ধারণা থাকলেও মার্কস ও লেনিনের রাজনৈতিক চিন্তায় ব্যক্তিকেন্দ্রিক সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্ন গুপ্তহত্যার কৌশলের সমালোচনাও আছে। তাদের দৃষ্টিতে, জনগণের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের বিকল্প হিসাবে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণ করলে তা গণভিত্তি গড়ে তোলার পরিবর্তে আন্দোলনকে দুর্বল ও বিচ্ছিন্ন করে দেয়।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলের আন্দোলনে আগুন-সন্ত্রাসী ‘ট্যাগ’ বা বয়ান তৈরি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সাল থেকে প্রায় প্রতিটি বক্তব্যে তিনি বলেছেন, ‘রাজনীতি করতে চাইলে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়তে হবে।’ তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে পার্থক্য হলো; বিএনপি-জামায়াত তখন নিষিদ্ধ ছিল না এবং দেশে তাদের বৈধভাবে রাজনীতি করার সুযোগ ছিল। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং দলটির কর্মকাণ্ডের নির্দেশনা আসে ভারত বা দেশের বাইরে থেকে। কারণ গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার ১৯১৯ সালে তার ‘পলিটিকস অ্যাজ আ ভোকেশন’ প্রবন্ধে রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠান হিসাবে সংজ্ঞায়িত করেছেন; যেখানে রাষ্ট্রের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা কিংবা সন্ত্রাসের আশ্রয় নিলে তা রাষ্ট্রের কর্তৃত্ব, সার্বভৌমত্ব ও আইনের শাসনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। আধুনিক উদারনৈতিক রাষ্ট্রব্যবস্থায় তাই রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসাবে বেসরকারি বা গোষ্ঠীগত সন্ত্রাসের কোনো বৈধতা নেই।

বিশ্লেষকরা বলছেন, ২০১৪ সাল থেকে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অনেক সহিংস ঘটনা ঘটলেও হাসিনা সরকারের কিন্তু পতন হয়নি। পতন হয়েছে ঠিক তখনই, যখন রাজনৈতিক দলের পাশাপাশি দেশের ছাত্রসমাজসহ সমাজের সর্বস্তরের মানুষ তার সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে একযোগে রাস্তায় নেমেছে। কিন্তু মাত্র ১০ মাসের বর্তমান তারেক রহমানের সরকারের ওপর মানুষ এখনো ক্ষুব্ধ বা বিরক্ত কোনোটিই হয়নি। উলটো আওয়ামী লীগের আন্দোলনে মানুষ আতঙ্কিত হচ্ছে, বিরক্ত হচ্ছে। অনেকের মতে, অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা বা দুঃখ প্রকাশ করে, ইতিবাচক রাজনীতি শুরু করলে বরং এক সময় মানুষের সহানূভূতি পেয়ে দলটি ঘুরে দাঁড়াতে পারত।

কালের কণ্ঠ

‘রায় প্রত্যাখ্যান মিয়ানমারের’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, মিয়ানমারে জেনোসাইডের লক্ষ্যে রোহিঙ্গা গণহত্যা চালানো হয় বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ওই রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটির রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে জেনোসাইড চালিয়েছে।

গতকাল শুক্রবার মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা এই রায়কে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন। সরকারি মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, আইসিজের এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন আন্তর্জাতিক আদালত। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর এই রায় এলো।

মিয়ানমারের রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে খাইং খাইং সোয়ে বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়; এটি ন্যায়সংগত নয়।’

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিতে ক্রমবর্ধমান সহিংসতার মুখোমুখি হচ্ছে। রায়ে বলা হয়েছে, মিয়ানমার যে অপরাধগুলো করেছে, এ জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য (ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে)।

মিয়ানমারের ‘অন্যায় কর্মকাণ্ডের’ ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের’ সুযোগও তাদের করে দিতে হবে। বাংলাদেশে বিশাল শরণার্থী শিবিরে বসবাসরত হাজার হাজার রোহিঙ্গা এই রায়কে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তবে তাঁরা ঠিক কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আইসিজের দেওয়া রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার ক্ষেত্রে আদালতের হাতে সুযোগ খুব সীমিত।

আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ‘ইন দিন’ গ্রামে ১০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনায় রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনার পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাঁদের ৫০০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল। এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে খাইং খাইং সোয়ে বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা এর আগেও বলেছিলেন, আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ তাদের বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। তবে এই রায় মিয়ানমার সীমান্তের কাছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাসরত ১৪ লাখ রোহিঙ্গার জন্য তাঁদের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথ খুব একটা সুগম করবে না। বিশেষ করে যখন ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সেখানে গৃহযুদ্ধ চলছে।

আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর ভরণপোষণ নিয়ে হিমশিম খাওয়া বাংলাদেশের জন্য এই রায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায় হলো রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো।

সমকাল

দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘বিরোধীদের ৭ নোটিশ সমঝোতায় আলোচনা এড়ায় সরকারি দল’। প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সরকারি ও বিরোধী দল কিছু বিষয়ে সমঝোতা করে আলোচনা থেকে বিরত থেকেছে। এর অংশ হিসেবে বিরোধী দলের দেওয়া সাতটি নোটিশের মধ্যে শেষ পর্যন্ত একটির ওপর আলোচনা হয়েছে। বাদ পড়া নোটিশগুলোর অন্যতম ছিল কার্যক্রম নিসিদ্ধ আওয়ামী লীগ নিয়ে আলোচনা। দল দুটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের আধিবেশনে আলোচনায় সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছিল। আইন প্রণয়ন প্রক্রিয়া দ্রুত শেষ করা, বিরোধী মত গ্রহণে কিছুটা অনুদারতা দেখা গেছে ওই অধিবেশনে। তবে জ্বালানি ও গ্যাস সংকট, সার সংকটের মতো জনস্বার্থের বিষয় আলোচনা হয়েছে।

গত ৯ নভেম্বর শুরু হওয়া চতুর্থ অধিবেশন ছিল ৮ কার্যদিবসের। এই অধিবেশনে আইন প্রজানেরা চেয়ে রাজনৈতিক আলোচনা শেষ দিকে প্রধান্য পায়। বিল পাস হয়েছে চারটি। এর তিনটি আগে অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল। ফলে বিল পাস ছিল আনুষ্ঠানিকতা মাত্র। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল স্থায়ী কমিটিতে পাঠানো হয়নি। সরাসরি উত্থাপন করে পাস করা হয়।

এ অধিবেশনে বিরোধী জোট গঙ্গার পানি বণ্টন চুক্তি, পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের নাশকতা, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা, সারের ডিলার নিয়োগে অনিয়ম, গ্যাসের দাম বৃদ্ধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেয়।

জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান সমকালকে বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশের স্বার্থে সরকারকে কিছু বিষয়ে সহযোগিতা করে জামায়াত। আবার সরকার দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেসব কাজ করে, তাতে বিরোধিতা করে। কিন্তু সরকারি দল দেশের স্বার্থে আনা নোটিশগুলোকে নিয়ে আলোচনা করেনি। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া সরকার ঐক্যের যে ডাক দিয়েছে, তা গড়ে উঠবে না।

ইত্তেফাক

ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, রাজধানীর অধিকাংশ স্কুলে চলছে ‘ভর্তি ফি নেরাজ্য’। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে এবার ঢাকা মহানগরীতে বাংলা মাধ্যম স্কুলে ভর্তি ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা; ইংরেজি ভার্শনে ১০ হাজার টাকা। তবে এটা শুধু নীতিমালাতেই সীমাবদ্ধ। রাজধানীতে এমন শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন, যেখানে এই টাকায় ভর্তি হওয়া সম্ভব।

অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম শ্রেণিতে ভর্তি ফি নিচ্ছেন ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। উন্নয়ন ফি, আইডি কার্ড ফি, বিদ্যুত্ বিল, জেনারেটর চার্জসহ নানা খাত দেখিয়ে এই ফি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে সন্তান ভর্তি করতে গিয়ে অভিভাবকদের নাভিশ্বাস উঠছে। তবে বিদেশি কারিকুলামে চলা ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ভর্তি ফি অনেক বেশি। ধানমন্ডি, উত্তরা ও বসুন্ধরা এলাকায় অবস্থিত তিনটা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম শ্রেণিতে (গ্রেড-১) ভর্তি ফি লাখ টাকার ওপরে।

মো. রবিউল ইসলাম সম্প্রতি তার সাড়ে ছয় বছরের সন্তানকে উত্তরায় একটি নামিদামি স্কুলের প্রধান শাখায় বাংলা মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি করাতে যান। স্কুল থেকে তাকে জানিয়ে দেওয়া হয় ভর্তি হতে ১৭ হাজার ৩০০ টাকা লাগবে। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ৮ হাজার টাকায় ভর্তি করানোর কথা। অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, তাদের স্কুলটি পুরোপুরি বেসরকারি। এ কারণে ভর্তি ফি বেশি নেওয়া হচ্ছে। সরকারি ও এমপিওভুক্ত স্কুলের নীতিমালা পুরোপুরি বেসরকারি স্কুলের ওপরে চাপিয়ে দেওয়া কি ঠিক? পুরো বেসরকারি স্কুলগুলোর জন্য পৃথক ভর্তি নীতিমালা প্রণয়ন করা উচিত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গতকাল ইত্তেফাককে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত ভর্তি ফি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে অধিদপ্তরের নিয়মিত নজরদারি থাকবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়।

নতুন এই নীতিমালা অনুযায়ী, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে আর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান এ নিয়ম ভাঙলে তাদের এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে নতুন নীতিমালায় নির্দিষ্ট হারে সেশন চার্জ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ সুযোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও বাড়তি টাকা আদায় করছে। তাই মাঠপর্যায়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন অভিভাবকরা।

নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘ডিসেম্বর ঘিরে বেপরোয়া আ’লীগ টার্গেট থানা-পুলিশ’। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরকে সামনে রেখে দেশজুড়ে নতুন করে সহিংসতা ও নাশকতার ঘটনায় উদ্বেগ বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানা, পুলিশ বক্স, সরকারি স্থাপনা, যানবাহন ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাজধানীসহ অন্তত ২১ জেলায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনায় প্রাণহানিও ঘটেছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে ১৭৭ করা হয়েছে। সাত জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবির ৯৬ প্লাটুন। নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষায়িত ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত তৎপর থাকলেও সহিংসতার আশঙ্কা কাটছে না।

সংশ্লিষ্ট সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অংশ রাজপথে শক্তি প্রদর্শন, সাংগঠনিক উপস্থিতি জানান দেয়া এবং সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। সাম্প্রতিক ঝটিকা মিছিল, সংঘবদ্ধ জমায়েত, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো সেই আশঙ্কাকে জোরালো করেছে। তবে এসব ঘটনার দায় আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অন্যদিকে পুলিশ ও সরকারের পক্ষ থেকে এসব নাশকতার জন্য দলটি এবং এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করা হচ্ছে।

১২ দিনে ৭৪ গাড়িতে আগুন, ৭৮ স্থানে বিস্ফোরণ

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারা দেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দু’টি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

বণিক বার্তা

‘প্রতি আসনে দুটি করে মোট ৬০০ মডেল স্কুল নির্মাণের উদ্যোগ মাউশির’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশের সবচেয়ে পুরনো মাধ্যমিক বিদ্যালয়গুলোর একটি ঢাকা কলেজিয়েট স্কুল। ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স প্রায় ২০০ বছর। অথচ ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতেই শিক্ষক সংকট প্রকট। প্রধান শিক্ষকসহ অনুমোদিত ৫৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩২ জন। শূন্য রয়েছে ২১টি পদ, যা মোট পদের প্রায় ৪০ শতাংশ। ফলে কোনো শিক্ষক ছুটিতে থাকলে সব শাখার পাঠদান স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে। শুধু ঢাকা কলেজিয়েট স্কুল নয়, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বড় একটি অংশই ভুগছে একই সংকটে। সব মিলিয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদ খালি রয়েছে ৮৮ হাজারের বেশি।

শিক্ষক সংকটের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যাও কমছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী কমেছে ১৫ লাখের বেশি। উচ্চ মাধ্যমিক পর্যায়েও বাড়ছে খালি আসনের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট ও শিক্ষার্থীস্বল্পতা দূর করার পরিবর্তে নতুন করে ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের ৩০০ সংসদীয় আসনে দুটি করে এসব প্রতিষ্ঠান নির্মাণে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা। এর ৭০ শতাংশ, অর্থাৎ ৪৭ হাজার ৮৮০ কোটি টাকাই সংগ্রহ করা হবে বিদেশী ঋণ থেকে।

শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট, অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষার্থীস্বল্পতা নিরসন না করে নতুন প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ শিক্ষা খাতের সংকট আরো বাড়াতে পারে। অতীতেও বিভিন্ন সময়ে মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু সব প্রতিষ্ঠান প্রত্যাশিত শিক্ষার মান অর্জন করতে পারেনি। অনেক ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ হলেও শিক্ষক সংকট, দুর্বল ব্যবস্থাপনা ও মানসম্মত পাঠদানের অভাবে সেগুলো উল্টো বোঝায় পরিণত হয়। ফলে নতুন প্রকল্প গ্রহণের আগে পুরনো উদ্যোগগুলোর সাফল্য-ব্যর্থতা মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বণিক বার্তাকে বলেন, ‘দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই অবকাঠামোগত দুরবস্থা, শিক্ষক সংকট ও শিক্ষার্থীস্বল্পতার মতো সমস্যা রয়েছে। এ অবস্থায় নতুন প্রতিষ্ঠান নির্মাণের পরিবর্তে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করাই বেশি কার্যকর ও যৌক্তিক হতো।’

ঋণের অর্থে এমন মেগা প্রকল্প গ্রহণের অর্থনৈতিক যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এ অধ্যাপক। তিনি বলেন, ‘প্রকল্পের বড় একটি অংশ যদি ঋণের অর্থে বাস্তবায়ন করা হয়, তাহলে তা ভবিষ্যতে দেশের অর্থনীতির ওপর ঋণের বোঝা আরো বাড়াবে। বিশেষ করে শিক্ষার মতো খাতে অবকাঠামো নির্মাণের বিনিয়োগ থেকে প্রত্যাশিত সুফল পেতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। অন্যদিকে ঋণের অর্থ পরিশোধের দায় তৈরি হয় অনেক আগেই। ফলে নতুন প্রতিষ্ঠান নির্মাণের এ উদ্যোগ সরকারের নিজস্ব নীতি ও বক্তব্যের সঙ্গেও সাংঘর্ষিক।’

মাউশির প্রস্তাব অনুযায়ী, দেশের ৩০০ সংসদীয় আসনে একটি বালক ও একটি বালিকা স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ১ হাজার থেকে ১ হাজার ১০০ শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ থাকবে। প্রতি শ্রেণীতে থাকবে তিন-চারটি শাখা। প্রতিটি শাখায় শিক্ষার্থী থাকবে ৩৮ থেকে ৪০ জন। প্রতিটি প্রতিষ্ঠানে ৪৫ জন করে মোট ২৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। শিক্ষক ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, পরীক্ষাগার ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট জনবল, গ্রন্থাগারিক, নার্স, পুষ্টি ও খাবার ব্যবস্থাপনা কর্মী, হোস্টেল তত্ত্বাবধায়ক এবং নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়া হবে।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য’। প্রতিবেদনে বলা হয়, খাদ্যসহ নিত্য ব্যবহারের অসংখ্য পণ্যে নিম্নমানের পাশাপাশি ভেজালের দৌরাত্ম্য চরমে। কলা-পেঁপে পাকানো হচ্ছে রাসায়নিকে, দুধে মেশানো হচ্ছে হাইড্রোজেন পার-অক্সাইড, সরিষার তেলে মেশানো হচ্ছে বাদামের তেল কিংবা টমেটো সস বানানো হচ্ছে পেস্ট দিয়ে। সাধারণ এসব নিত্যপণ্য ছাড়াও বিদেশি নামী ব্র্যান্ডের দেশে তৈরি নকল পণ্যও দেদার বিক্রি হচ্ছে বাজারে। ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পড়ছেন গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে গত এক বছরে ২৭ হাজারের বেশি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। কিন্তু এতে অনিয়ম দৃশ্যমানভাবে কমার কোনো লক্ষণ নেই।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালানো অভিযানে দেখা গেছে, মিষ্টির কারখানায় ব্যবহৃত হচ্ছে খাওয়ার অনুপযোগী রং, নোংরা পরিবেশে বিচরণ করছে ইঁদুর, রেস্তোরাঁর রান্নাঘরে মজুত পচা-বাসি খাবার। খাদ্যপণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে এমন বহু অনিয়মের চিত্র উঠে এসেছে। অধিদপ্তর গত এক বছরে ২৭ হাজারের বেশি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ এবং অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তুলনামূলকভাবে নগণ্য জরিমানার অর্থ দিয়ে পার পাওয়ার পর কিছু বিরতি দিয়ে একইভাবে ব্যবসা চালিয়ে যাওয়া হয়। একই প্রতিষ্ঠানে কিছুদিনের ব্যবধানে অভিযান চালিয়ে একই অনিয়ম আবার করার বহু নজিরের কথা জানিয়েছেন অভিযানকারীরা।

রাসায়নিকে পাকছে কলা-পেঁপে

রাজধানীর বড় আড়ত কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা পেঁপে পলিথিন শিট ও বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। নিচে জ্বলছে কাঠের আগুন। ব্যবসায়ীরা বললেন, এভাবে প্রায় ১২ ঘণ্টা রাখলেই পেঁপে পেকে যায়। এ ছাড়া ব্যবহার করা হয় স্বাস্থ্যের জন্য মারাত্মক রাসায়নিক পদার্থ কার্বাইড। কলাও পাকানো হচ্ছে রাসায়নিকের সাহায্যে। পানির সঙ্গে ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে তা কলায় স্প্রে করা হয়।

উপাদান শুধু লেবেলেই আছে

কেরানীগঞ্জের একটি টমেটো সস তৈরির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায়, প্রকৃত টমেটোর বদলে টমেটো পেস্ট দিয়ে সস তৈরি করা হচ্ছে। পণ্য সংরক্ষণের জন্য ফ্রিজে রাখার নির্দেশনা থাকলেও সেগুলো রাখা হচ্ছে খোলা জায়গায়। সসে ব্যবহার করা হচ্ছে খাদ্যপণ্যের অনুপযোগী রং। বোতলের গায়ের লেবেলে অনিয়ন পাউডার, গার্লিক পাউডারসহ বিভিন্ন উপকরণের নাম থাকলেও কারখানায় এসব উপকরণের অস্তিত্ব পাওয়া যায়নি।

দুধে হাইড্রোজেন পার-অক্সাইড

গত ১০ অক্টোবর পাবনার ফরিদপুর উপজেলায় নকল দুধ তৈরি করায় এবং দুধের মেয়াদ বাড়াতে তাতে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। রাতের অন্ধকারে গোপনে বিশেষ জেলি ও ভোজ্যতেল ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করা হতো প্রতিষ্ঠান দুটিতে। এ ছাড়া উপজেলার পুরেন্দরপুরে শামীম হোসেনের প্রতিষ্ঠানে দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর প্রমাণ পাওয়া যায়।

মিষ্টির কারখানায় ইঁদুর

রাজধানীর অন্যতম অভিজাত এলাকা কলাবাগানের একটি মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, মিষ্টির ওপর বসে আছে মাছি। দোকানটির মিষ্টি তৈরির কারখানার ভেতরে পাওয়া গেছে ইঁদুর। কারখানার মেঝেতে রাখা ছিল দই ও রসগোল্লা। এসব পণ্যের গায়ে ইচ্ছেমতো বসিয়ে দেওয়া হচ্ছে মেয়াদের তারিখ।

দেশ রূপান্তর

‘উচ্চশিক্ষার আড়ালে ভর্তি ফি বাণিজ্য’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বাংলাদেশে শিক্ষা বাণিজ্য নয়, সেবামূলক খাত এ কথা নীতিনির্ধারকদের মুখে প্রায়ই শোনা যায়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন ফরম বিক্রির নামে আদায় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে নির্ধারিত আবেদন ফি সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনেছে। কোথাও একটি ইউনিটে আবেদন করতে গুনতে হচ্ছে ১০০০ টাকা, কোথাও তা ১৮০০ টাকা পর্যন্ত। অন্যদিকে ভর্তি পরীক্ষা থেকে পাওয়া বিপুল অর্থের বড় অংশ ব্যয় ও বণ্টন নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। তবে একই পরীক্ষা ঢাকা ও রাজশাহী কেন্দ্রে দিতে চাইলে একজন শিক্ষার্থীকে গুনতে হবে ১৮০০ টাকা। শিক্ষার্থীদের যাতায়াতের খরচ ও ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সেখানে পরীক্ষার জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি নির্ধারণ নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একই পরীক্ষা, একই বিশ্ববিদ্যালয় অথচ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করলেই ফি বেড়ে যাচ্ছে।

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন ফি ১০৫০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। চারুকলা ইউনিটে আবেদন ফি ১২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪০০ টাকা। ঢাবির আইবিএ ইনস্টিটিউটে (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষার আবেদন ফির পরিমাণ ফি ১৫০০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বৃদ্ধির চিত্রও উদ্বেগজনক। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৩৫০ টাকা। এরপর তা বাড়তেই থাকে এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে একলাফে ৩৫০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফি অপরিবর্তিত থাকলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আরও ৫০ টাকা বাড়ানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালইয়ে এ ইউনিটে (মানবিক) আবেদন ফি ১৩২০ টাকা, বি ইউনিটে (বাণিজ্য) ১১০০ টাকা ও সি ইউনিট (বিজ্ঞান) ১৩২০ টাকা। তবে এবার তুলনামূলকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ে আবেদন ফি কিছুটা কম। চবিতে প্রতি ইউনিটে আবেদন ফি ১০০০ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতি ইউনিটে আবেদন ফি ১২০০ টাকা। শিক্ষাবিদরা মনে করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে আবেদন ফি নেওয়া হয় তা শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ তৈরি করে। ভর্তি পরীক্ষা নিতে যে খরচ হয়, কেবল সেটাই নেওয়া উচিত।

বাংলাদেশ প্রতিদিন

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘মতপার্থক্য ভুলে ঐক্য’। প্রতিবেদনে বলা হয়, পতিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো এবং রাষ্ট্র সংস্কার প্রশ্নে ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মধ্যে কোনো মতপার্থক্য নেই। এ ক্ষেত্রে তাদের লক্ষ্য এক ও অভিন্ন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলায় দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক কৌশল ও পৃথক কর্মসূচি। এরই মধ্যে বিএনপি বিজয়ের মাসজুড়ে কর্মসূচি, জামায়াত ৪০ দিনের কর্মসূচি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার কর্মসূচি ঘোষণা করেছে। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে ২৭ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সরকারদলীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে মাঠে নেমেছেন।

একদিকে একমঞ্চে না উঠে স্বতন্ত্র অবস্থান, অন্যদিকে ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের শর্তে আটকে থাকা সমঝোতা-সব মিলিয়ে রাজনীতির মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ। তবে কর্মসূচি ও কৌশলে ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ও জনগণ একসঙ্গে রুখে দাঁড়াবে বলে মনে করেন দলগুলোর শীর্ষ নেতারা। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তি আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে আবারও ফিরে আসার ষড়যন্ত্র করছে; তবে তাদের এ অপচেষ্টার বিরুদ্ধে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং অতীতের মতো এবারও জনগণ এক হয়ে রাজপথে এসব নাশকতা প্রতিহত করবে।’

১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার বিচারই হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণকে রক্ষায় ১১-দলীয় ঐক্য মাঠে থাকবে, আর সরকার ফ্যাসিবাদ দমনে কার্যকর ভূমিকা রাখলে বিরোধী দলও ইতিবাচকভাবে সাড়া দেবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাককে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেকোনো রাজনৈতিক ঐক্যে অংশ নেবে এনসিপি। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী যেকোনো রাজনৈতিক দল, পক্ষ, প্ল্যাটফর্ম বা ব্যক্তির সঙ্গে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। তবে দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখেই রাজপথ ও আলোচনার টেবিলে সক্রিয় থাকবে এনসিপি।