নিউজিল্যান্ডের বিপক্ষে জায়গা হয়নি সিরাজের

ধর্মীয় বৈষম্যের অভিযোগ

নিউজিল্যান্ডের বিপক্ষে জায়গা হয়নি সিরাজের

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের একাদশে জায়গা পাননি পেসার মোহাম্মদ সিরাজ। ধর্মীয় পরিচয়ের কারণে তিনি জায়গা পাননি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ভারতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ অভিযোগ করেছেন, ভালো পারফরম্যান্স সত্ত্বেও শুধু নামের কারণে সিরাজকে একাদশে রাখা হয়নি। অর্থাৎ, ধর্মীয় পরিচয়ের কারণে তাকে বাদ দেয়া হয়েছে বলে ইঙ্গিত করেছেন তিনি। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি এই কংগ্রেস নেতা। শুক্রবার বার্তা সংস্থা এএনআই’কে ইমরান মাসুদ বলেন, শোনা যাচ্ছে, ভালো পারফরম্যান্স থাকা সত্ত্বেও তাকে দলে জায়গা দেয়া হয়নি। তার নাম সিরাজ, আর এ কারণেই তাকে দলে নেয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি তাকে নির্বাচন করা না হয়, তাহলে বৈষম্য যে স্পষ্ট, তা বোঝাই যায়। তবে সফরের জন্য দলে নির্বাচিত হওয়ার পরও সিরাজের সঙ্গে অন্যায় করা হয়েছে, এমন যুক্তিও সামনে এসেছে।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টের একাদশে সিরাজকে রাখেনি ভারত। অথচ পেসারদের সহায়ক হতে পারে, এমন উইকেটে চারজন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামে দলটি। জসপ্রিত বুমরাহর সঙ্গে পেস আক্রমণে ছিলেন আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও অংশুল কম্বোজ। অংশুল কম্বোজ ৬৯ রানে ২ উইকেট এবং আকাশ দীপ ৫৩ রানে ৩ উইকেট নেন। কিন্তু শুরুর দিকের স্পেলের পর কম্বোজের মাঝারি গতির বোলিংয়ে বাড়তি কোনো ধার দেখা যায়নি। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণা ১০০ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। ফলে প্রশ্ন উঠেছে, প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম এবং ৪৮ টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন সিরাজকে কেন সুযোগ দেয়া হলো না?

যদি দ্বিতীয় ইনিংসে কার্যকর হওয়ার সম্ভাবনা বিবেচনা করে কৃষ্ণাকে দলে নেয়া হয়ে থাকে, যখন বল তেমন সুইং করে না এবং ব্যাটারদের শরীরে লক্ষ্য করে জোরে বল করতে হয়, তাহলে সিরাজের মধ্যেও একই ধরনের দক্ষতা রয়েছে। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রে ভারতের সবচেয়ে সফল বোলার সিরাজ। তার শিকার ৪৩ উইকেট। সাম্প্রতিক সময়ে ভারতের দুটি বড় জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ২০২৪-২৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টে ২০ উইকেট নিয়েছিলেন সিরাজ। এ সময় ১৫৭.১ ওভার বোলিং করেন তিনি। অন্যদিকে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে কাজের চাপ নিয়ন্ত্রণের কারণে বুমরাহ মাত্র তিনটি ম্যাচ খেললেও ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন সিরাজ। পাঁচ ম্যাচে তার শিকার ছিল ২৩ উইকেট।
কী বলছেন ভারতের কোচ: প্রথম দিনের খেলা শেষে সিরাজকে একাদশে না রাখার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তার বক্তব্য, ওয়েলিংটনের পরিবেশ ও উইকেটের পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরাজ দুটি টেস্টেই খেলেছেন। কোটাক বলেন, সিরাজের কোনো সমস্যা নেই। দলের ম্যানেজমেন্ট যে একাদশকে সবচেয়ে উপযুক্ত মনে করেছে, সেটিই খেলেছে। তবে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিরাজ ও দলের ম্যানেজমেন্টের মধ্যে যোগাযোগের অবনতি ঘটেছে। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন এই পেসার। প্রতিবেদন অনুযায়ী, বিশ্রামের সময় সিরাজের কম বোলিং করাকে ভালোভাবে নেয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট। তাদের ধারণা, শ্রীলঙ্কা সিরিজের আগে সিরাজের বোলিংয়ের গতি কমে গিয়েছিল। গত ১৫ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে নিজের সর্বশেষ ওয়ানডে ম্যাচে ৫০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন তিনি।

পরিসংখ্যান বলছে, ২০২৬ সালে তিন টেস্টে সিরাজের শিকার পাঁচ উইকেট। নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিপক্ষে একটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে গলে ও কলম্বোয় দুটি করে উইকেট নিয়েছেন তিনি।

‘মোহাম্মদ সিরাজ কোথায়?’

ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আশা করি ভারত শক্তভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু যদি গতি, দক্ষতা ও বলের সিম মুভমেন্টই নির্বাচনের মাপকাঠি হয়ে থাকে, আর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করা যদি কঠিন হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠতেই পারে- মোহাম্মদ সিরাজ কোথায়? অভিজ্ঞতা, আগ্রাসন এবং বল হাতে ম্যাচের পরিস্থিতি বদলে দেয়ার সামর্থ্য এসবের কি কোনো মূল্য নেই? ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর লিখেছেন, নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের কথা বিবেচনা করে জাদেজার পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে নেয়ার বিষয়টি আমি বুঝতে পারি। কিন্তু সিরাজকে বাদ দেয়ার সিদ্ধান্ত একেবারেই বিস্ময়কর।

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে লিখেছেন, ভারত সিরাজকে বাদ দিয়েছে দেখে আমি হতবাক ও হতাশ। বুমরাহর অনুপস্থিতিতে সে বোলিং আক্রমণের দায়িত্ব সামলেছে, দলের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে এবং যা যা চাওয়া হয়েছে, সবই করেছে। কম্বোজের জন্য শুভকামনা। তবে আশা করি, সিরাজের সঙ্গে এ নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা করা হচ্ছে। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও সিরাজকে বাদ দেয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। এক্সে তিনি লিখেছেন, ভারতের দল থেকে মোহাম্মদ সিরাজের বাদ পড়াটা হতাশাজনক। বিশেষ করে বুমরাহর অনুপস্থিতিতে দলের প্রয়োজনের সময় তার পারফরম্যান্স, নিষ্ঠা, সামর্থ্য ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। দেশের হয়ে সে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছে। তিনি আরও লিখেছেন, কম্বোজের জন্য আমার শুভকামনা থাকলেও আমার বিশ্বাস, সিরাজ আরও ভালো বিবেচনা পাওয়ার যোগ্য ছিল। আশা করি, তার প্রাপ্য সম্মান ও স্বচ্ছতার সঙ্গে এই সিদ্ধান্তের ব্যাখ্যা তাকে দেয়া হবে। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এ বিষয়ে আরও কঠোর মন্তব্য করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, এক মাস ধরে তারা মোহাম্মদ সিরাজকে বাদ দেয়ার পরিবেশ তৈরি করছে। অশ্বিনের আশঙ্কা, শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকেও বাদ পড়তে পারেন সিরাজ। তিনি বলেন, তাকে যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকেও বাদ দেয়া হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটা কেবল ট্রেলার।

এদিকে কংগ্রেস নেতা ইমরান মাসুদের ধর্মীয় বৈষম্যের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তার দাবি, নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সিরাজের জায়গা না পাওয়ার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। নয়াদিল্লিতে সাংবাদিকদের রিজিজু বলেন, আমাদের দেশে যোগ্যতার ভিত্তিতেই সুযোগ দেয়া হয়। কারও ধর্ম কিংবা বর্ণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।