কলকাতা ও শিলিগুড়ি থেকে বাংলাদেশের ভিসা কার্যক্রম ১ ডিসেম্বর থেকে বন্ধ

কলকাতা ও শিলিগুড়ি থেকে বাংলাদেশের ভিসা কার্যক্রম ১ ডিসেম্বর থেকে বন্ধ

ফন্ট সাইজ:

ভারতের কলকাতা ও শিলিগুড়ি থেকে বাংলাদেশের ভিসা প্রদান কার্যক্রম ১ ডিসেম্বর থেকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে কলকাতা ও শিলিগুড়ির বর্তমান ভিসা আবেদন গ্রহন কেন্দ্র দুটিতে ৩০ নভেম্বরের পরে ভিসার আবেদন জমা দিতে নিষেধ করা হয়েছে। ফলে আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের দুটি ভিসা আবেদন কেন্দ্রে ভিসা আবেদন সংক্রান্ত কোনো কার্যক্রম চলবে না। এই সিদ্ধান্ত ভারত এবং অন্যান্য দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ আগ্রহী ব্যক্তিদের সমস্যায় ফেলবে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বাংলাদেশ সরকার ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে ভিসা আউটসোর্সিং চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ১৭ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য কলকাতা এবং শিলিগুড়িতে কার্যক্রম স্থগিত করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, ভিসা আউটসোর্সিং পরিষেবা সংক্রান্ত বাংলাদেশ সরকার এবং ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মধ্যকার চুক্তিটি ৩০ নভেম্বর থেকে শেষ হয়ে যাবে।
নতুন ভিসা আবেদন গ্রহণ কেন্দ্রগুলির ঠিকানা এবং সেগুলি পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার নাম শীঘ্রই একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

১ ডিসেম্বর থেকে বর্তমান কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় আবেদনকারীদের অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে। তবে, উপ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে ভিসা প্রদান স্থগিত করা বা ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।