শুক্রবার রাত ৯টার দিকে শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সরজমিনে এ চিত্র দেখা গেছে। স্লোগানে তারা স্থানীয় এক নেতার মুক্তির দাবি জানান।
জানা গেছে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এসব থানার কর্মকর্তারা সবাই সদরে অবস্থান করছেন।
সরজমিনে দেখা গেছে, এসব ঘটনায় কোনো মামলা রেকর্ড হয়নি। সকাল থেকে দোকানপাট খোলা হলেও পুরোপুরি স্বাভাবিক ছিলো না গোপালগঞ্জের পরিস্থিতি। ছুটির দিন হওয়াতে জেলা শহরের দোকানপাট বন্ধ দেখা গেছে বেশির ভাগই। ডিসি রোড, পোস্ট অফিস, চৌরাঙ্গী, লঞ্চঘাট, হাসপাতাল এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় জনসাধারণ চলাচল করছেন না। সময় সময় পুলিশের টহল টিমের সদস্যরা গাড়ি নিয়ে টহল দিচ্ছেন।
এরআগে থানায় হামলা, অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের বাড়িঘর ও হাসপাতালে ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রায় ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে গোপালগঞ্জে। কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিক এসব সহিংসতায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে আকস্মিকভাবে গোপালগঞ্জ সফর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। পুলিশ লাইন্সে যাওয়া এবং জেলা ও আশপাশের জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন তারা। সাম্প্রতিক সহিংসতার পর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই তাদের এই সফর বলে মনে করা হচ্ছে। তবে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পরিদর্শনের কয়েক ঘণ্টার ব্যবধানেই রাতে রাজপথে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
