পশ্চিমা সামরিক মহড়ার মধ্যেই পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র

পশ্চিমা সামরিক মহড়ার মধ্যেই পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র

ফন্ট সাইজ:

ইউক্রেনের মিত্র দেশগুলোর সামরিক মহড়া চলার মধ্যেই পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে আছড়ে পড়েছে রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। শুক্রবার ভোরে ক্ষেপণাস্ত্রসহ তিনটি উড়ন্ত বস্তু পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে বলে জানিয়েছে দেশটির সরকার। এ ঘটনাকে রাশিয়ার ‘উসকানি’ হিসেবে বর্ণনা করেছে ওয়ারশ।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক বলেছেন, ওই এলাকায় পশ্চিমা সামরিক মহড়া চলার সময় এ ধরনের ঘটনা নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। রাশিয়া এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনে ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর শুক্রবার দেশটিতে অন্যতম বড় আকাশপথে হামলা চালায় রুশ বাহিনী। ওই হামলার মধ্যেই পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, রাশিয়ার কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভি লিপোভিয়েচ এলাকায় একটি গ্রামীণ অঞ্চলে আছড়ে পড়ে। জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।

নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য তৈরি ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে বিধ্বস্ত হয়। ওই এলাকার বাসিন্দা নাতালি স্পোনার জানান, তিনি সন্তানদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করছিলেন। এ সময় তিনি শিসের মতো শব্দের পর ভারী কিছু আছড়ে পড়ার আওয়াজ শুনতে পান।
একটি খামারের নিরাপত্তা ক্যামেরায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার মুহূর্ত ধরা পড়েছে। পরে কর্মকর্তারা জানান, স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো ঝুঁকি নেই।

কোসিনিয়াক-কামিশ আরও জানান, সন্দেহভাজন আরেকটি ক্ষেপণাস্ত্র নোভি লিপোভিয়েচের পশ্চিমে রুদনিক নাদ সানেম এলাকার কাছে পড়েছে।

এ ছাড়া দক্ষিণের মলোদিচ এলাকায় জেট ইঞ্জিনচালিত একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। পোল্যান্ডের আকাশসীমায় এ অনুপ্রবেশকে রাশিয়ার উসকানি আখ্যা দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সহায়তার জন্য ন্যাটোর কাছে আবেদন জানানো হবে।

এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় এ ধরনের গুরুতর লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর ন্যাটোর যুদ্ধবিমানগুলোকে দ্রুত আকাশে পাঠানো হয়েছিল।
রুটে বলেন, ‘এ ঘটনা স্পষ্টতই বিপজ্জনক। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধেরই এটি পরিণতি।’ শনিবার তার ওয়ারশ সফরের কথা রয়েছে।

এদিকে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে বর্তমানে ‘কোয়ালিচা ২০২৬’ নামে একটি সামরিক মহড়া চলছে। বৃটেন ও ফ্রান্সের নেতৃত্বে আয়োজিত এ মহড়ায় পশ্চিমা দেশগুলোর ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ গোষ্ঠীর ১১টি দেশ অংশ নিচ্ছে।

ইউক্রেনে সম্ভাব্য শান্তিচুক্তির প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়েছে।