দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে কাজ করছে সরকার। প্রকল্পের অর্থায়ন নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তা কাটিয়ে ফিজিবিলিটি স্টাডি শুরু করা হয়েছে। এরপর নকশা প্রণয়নে কাজ চলছে বলে জানিয়েছেন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারেও দ্বিতীয় পদ্মা সেতু অগ্রাধিকার প্রকল্প হিসেবে ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরপরই দ্রুততার সঙ্গে এর ফিজিবিলিটি স্টাডি শুরু করা হয়।
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। যোগাযোগ বিটের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
সেতু মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বর্তমানে প্রকল্পটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজেও বিশেষ মনোযোগ দেয়া হয়েছে। রেল, নৌ এবং সড়কের ক্ষেত্রে ইতিমধ্যে যে প্রকল্প আমরা নিয়েছি, এইটুকু যদি আমরা এই পাঁচ বছরে বাস্তবায়ন করি, যেটা ম্যান্ডেট আমাদের আছে, তাতেই বাংলাদেশের যোগাযোগ সেক্টরের একটা আমূল পরিবর্তন হয়ে যাবে।
শেখ রবিউল আলম বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয় মাসের অভিজ্ঞতায় আমি এবং প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট খাতের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন সম্পন্ন করতে পারলে যোগাযোগ ও অবকাঠামো খাতে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সড়ক পরিবহন ও নৌ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
