মৌলভীবাজার শহরের রিকশা শ্রমিক মো. হাবিবুর রহমানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাস্তায় চলাচলকারী রিকশা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মৌলভীবাজার ভ্রমণ গাইড গতকাল শহরের চৌমুহনাস্থ কার্যালয় হতে নেতাকর্মীরা মিছিল শুরু করে চৌমুহনা, সাইফুর রহমান রোড, পশ্চিমবাজার প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকা বিক্ষোভ সমাবেশ করে।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. জামাল মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. গিয়াস মিয়া, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আলী আছকর, সহ-প্রচার সম্পাদক বাছিদ মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ। নিহত হাবিবুর রহমানের মা নাসিমা বেগম ও খালা নাজমা বেগম কান্না বিজড়িত কণ্ঠে খুনিদের বিচার দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন শহরের শিমুলতলা এলাকার রিকশা শ্রমিক হাবিব প্রতিদিনের মতো ১৬ই নভেম্বর রিকশা নিয়ে রুটি-রুজির জন্য বের হলে আর ফিরে আসেনি। এই না ফেরা যে চিরদিনের জন্য না ফেরা হবে তখনো স্বজনরা তা ভাবতে পারেনি। পরদিন দুপুরে পুলিশ মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে লাশের পরিচয় জানা যায় এটা নিখোঁজ রিকশা শ্রমিক হাবিবের লাশ। গত ১৬ই নভেম্বর যাত্রীবেশি দুর্বৃত্তরা রিকশা শ্রমিক মো. হাবিবুর রহমানের রিকশায় উঠে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে এবং সুযোগ বুঝে দিনের কোনো এক সময়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তার রিকশার ৪টি ব্যাটারি চুরি করে ৯ হাজার ৫০০ টাকাতে বিক্রি করে দেয়। এই ঘটনায় রিকশা শ্রমিকদের মাঝে আতঙ্ক ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে শ্রমিকরা নেতারা জানান। নেতৃবৃন্দ অবিলম্বে রিকশা শ্রমিক মো. হাবিবুর রহমানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাস্তায় চলাচলের সময় রিকশা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
