অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ৫ স্থানে জামায়াতের বিক্ষোভ

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ৫ স্থানে জামায়াতের বিক্ষোভ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়। নগরীর বহদ্দারহাট, হালিশহর, বন্দরটিলা, সাগরিকা, কোতোয়ালি ও আশপাশের এলাকায় আয়োজিত এসব কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বহদ্দারহাটে জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, জুলাইযোদ্ধারা এখনো রাজপথে রয়েছেন। আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে তারা যথেষ্ট। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় ফ্যাসিবাদবিরোধী গণপ্রতিরোধের মুখে পড়তে হতে পারে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার বলেন, যারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছেন, তাদের বাড়িঘর চেনা আছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জসিম উদ্দীন, জুলাই বিপ্লবের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক মোহাম্মদ আলী ও নগর জুলাই সংগঠক রিয়াদ হাসান। মিছিলটি পরিচালনা করেন বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ। সকাল ১১টায় হালিশহরের ওয়াপদা মোড় এলাকায় প্রিন্স অব চিটাগাংয়ের সামনে থেকে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

দুপুর ১টা ৪৫ মিনিটে বন্দরটিলার আলী শাহ মসজিদ মোড় থেকে ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফ্রিপোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শূরা সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলম, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, পতেঙ্গা থানা সেক্রেটারি মো. বেলাল এবং ৪০ নম্বর ওয়ার্ড আমীর মো. ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। জুমার নামাজের পর নগরীর সাগরিকা মোড় থেকে হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী। পাহাড়তলী থানা জামায়াতের আমীর মো. নুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, এফডিইবি থানা শাখার আমীর ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সিবিএফ থানা সেক্রেটারি মোহাম্মদ রফিক ও হালিশহর থানা সেক্রেটারি আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।

এদিকে কোতোয়ালি ও সদরঘাট থানা জামায়াতের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমির হোসাইন। প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। কর্মসূচি সঞ্চালনা করেন মোস্তাক আহমদ। সমাবেশে বক্তব্য দেন কোতোয়ালি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আ.ন.ম. জোবায়ের, সদরঘাট থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলে এলাহি শাহীন, কোতোয়ালি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুল ইসলাম ও কোতোয়ালি দক্ষিণ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বখতিয়ার ফাহিম।