প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগরে রোগী ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির শুরুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ, জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
