নোয়াখালীর সেনবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১ এর যৌথ অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত সেনবাগ উপজেলার গাজীরহাট বাজার এলাকায় ফেনী-সোনাইমুড়ী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট থানার মদনপুর এলাকার মীর হোসেন মিলনের ছেলে হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মইশাই এলাকার সিরাজ মিয়ার ছেলে তাইজুল ইসলাম (২৫)। জানা যায়, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা বিদেশি মদের মধ্যে রয়েছে- রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ১২ বোতল, ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি ১২ বোতল এবং রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি ২৪ বোতল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সেনবাগ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
