দীর্ঘ ২৬ বছর পর সাতক্ষীরার শ্যামনগরের গুরুত্বপূর্ণ জেলেখালী খালটি দখলমুক্ত হওয়ায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় দু’পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি উন্মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। শুক্রবার উপজেলার মুন্সীগঞ্জের খালসংলগ্ন ত্রিপাণী বিদ্যাপীঠ স্কুল মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন। এ সময় খালের দুইপাড়ে বসবাসকারী দেড় শতাধিক পরিবারের সদস্য, বিবদমান দুই পক্ষ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খাল উন্মুক্তকরণ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, দুইপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে জেলেখালী খাল দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ ও পানি ব্যবহারের অধিকার নিশ্চিত হবে। খাল নিয়ে বিরোধের জেরে হওয়া মামলাও প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মুক্ত হওয়ায় মাছ চাষের পাশাপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ের প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।
