নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডায়িং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টায় ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত ও পাশা। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীর ও মুখমণ্ডল দগ্ধ হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান তারা।
পরে সেখানে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
