নিয়ামতপুরে তিন ডাকাত গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের আরও ৩-৪ জন সদস্য পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি দল গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত আটজন ডাকাত একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রেজাউল করিম ওরফে লসিমন, মো. সাগর ও মো. রিমন হোসেন। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ আটটি, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পাঁচটি এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।