ট্রাক্টর-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফন্ট সাইজ:

নীলফামালীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুজন রায় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন বড়ভিটা কামারপাড়া এলাকার সোনাতন চন্দ্র রায়ের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গণেশের বাজারে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সুজনসহ কয়েকজন যুবক। ভোরে খেলা শেষে একটি চার্জার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সুজন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিশোরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।