হোমনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফন্ট সাইজ:

কুমিল্লার হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০টায় উপজেলা সদরের পৌর মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টানা বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পরে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, এনাফ ইজ এনাফ- যথেষ্ট হয়েছে, আর নয়। হোমনার মানুষ শান্তিপ্রিয়, আমিও শান্তিপ্রিয়। তবে কেউ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে কিংবা শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দেয়ার কথা বলেছেন। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সেলিম আরও বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। তবে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নৈরাজ্য প্রতিরোধে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি), সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম হিমেল, দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার, যুগ্ম সম্পাদক শেফালী বেগম ও নির্বাহী সদস্য আলমগীর সরকার বক্তব্য দেন। এ সময় পৌর বিএনপি’র সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল সরকার, শ্রমিক দলের সভাপতি মো. মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি অহিদুজ্জামান মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম অপুসহ উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।