কাপড়ের ভাঁজে ভাঁজে জীবনযুদ্ধের গল্প বুনেছেন রমজান

ফন্ট সাইজ:

বয়স ৮০ পেরিয়েছে, শরীরেও এসেছে ক্লান্তি। তবু জীবিকার তাগিদে প্রতিদিন ইস্ত্রির সামনে বসেন মো. রমজান শেখ। কাপড় ধোয়া ও ইস্ত্রির কাজ করেই কেটে গেছে জীবনের পাঁচ দশকেরও বেশি সময়। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বেঙ্গল রেলগেটসংলগ্ন মহাসড়কের পাশে তার ছোট্ট দোকানটিতে যেন জমে আছে দীর্ঘ জীবনসংগ্রামের গল্প। রমজান শেখ নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ড্রাইভারপাড়া এলাকার বাসিন্দা। যশোর-খুলনা মহাসড়কের পাশে সরকারি জায়গায় টিন ও বাঁশের তৈরি দোকানটিই তার দীর্ঘ কর্মজীবনের ঠিকানা। যৌবনের শুরুতে জীবিকার অবলম্বন হিসেবে বেছে নেয়া এ পেশাই আজও তার সংসার চালানোর ভরসা। প্রতিদিন সকালে স্ত্রী সালেহা বেগম বিভিন্ন আবাসিক হোটেল থেকে কাপড় সংগ্রহ করেন। পাশাপাশি হাসপাতালের বিছানার চাদরও নিয়ে আসেন। পরে দু’জন মিলে কাপড় ধুয়ে শুকাতে দেন। আর ইস্ত্রি করার দায়িত্ব পালন করেন রমজান শেখ। স্বামী-স্ত্রীর যৌথ শ্রমেই চলছে সংসার। একসময় আশপাশের এলাকার অনেক মানুষ কাপড় ধোয়া ও ইস্ত্রি করতে তাদের দোকানে আসতেন। তবে ঘরে ঘরে ওয়াশিং মেশিন ও বৈদ্যুতিক ইস্ত্রির ব্যবহার বাড়ায় কমেছে কাজের চাহিদা। আগের মতো আয় না থাকলেও পেশা ছাড়েননি তারা। ছোট্ট দোকানটিতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। সামনে কাপড়ের স্তূপ, পাশে পুরনো ইস্ত্রির সরঞ্জাম। বয়সের ভারে কর্মক্ষমতা কমলেও জীবিকার প্রয়োজনে এখনো কাজ করে যাচ্ছেন রমজান শেখ। রমজান বলেন, অনেক বছর ধরে এ কাজ করেই সংসার চালিয়েছি। বয়স হয়েছে, আগের মতো কাজ করতে পারি না। তবু কাজ না করলে সংসার চলবে কীভাবে? যতদিন শরীরে শক্তি থাকবে, ততদিন কাজ করে যেতে চাই। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় কাপড় ধোয়া ও ইস্ত্রির কাজ করছেন তিনি। বয়সের কারণে আগের মতো কাজের শক্তি না থাকলেও জীবিকার প্রয়োজনে এখনো দোকানে বসেন। রমজান ও তার স্ত্রী সালেহা বেগমের কাছে এই কাজ শুধু উপার্জনের মাধ্যম নয়, বেঁচে থাকার অবলম্বন। কাপড়ের ভাঁজে ভাঁজে তারা খুঁজে নিয়েছেন জীবনসংগ্রামের পথ। মহাসড়কের পাশের ছোট্ট দোকানটি তাদের দীর্ঘ সংগ্রামী জীবনের নীরব সাক্ষী।