চট্টগ্রামের আলোচিত শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালত সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের ঘটনায় দায়ের করা মামলায় ২০২৫ সালের ২৫শে ফেব্রুয়ারি মহসিনকে মোট পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা আদায়ের দাবিতে করা পাঁচটি মামলার প্রতিটিতে তাকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। ওইদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পান। এর আগে, ঋণখেলাপির মামলায় ২০২৪ সালের এপ্রিলে মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। সে সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য প্রকাশ্যে আসে। এদিকে, ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে এবং প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের মার্চে মহসিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯৯৪ সালে মোহাম্মদ মহসিনের হাত ধরে সাদ-মুসা গ্রুপের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। তবে গত কয়েক বছরে ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান ও অর্থ আত্মসাতের অভিযোগে বারবার আলোচনায় এসেছে শিল্পগ্রুপটি। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানায় নেয়া হয়।
সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
