‘ক্যাম্পের জীবন আর নয় ফিরতে চাই নিজ দেশে’

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাছে রোহিঙ্গাদের আকুতি

‘ক্যাম্পের জীবন আর নয় ফিরতে চাই নিজ দেশে’

ফন্ট সাইজ:

ক্যাম্পের গণ্ডিতে বন্দি জীবন আর কতোদিন? নিজ দেশে ফিরতে চান তারা। তবে ফিরতে চান নাগরিকত্ব, নিরাপত্তা ও মানুষের মর্যাদা নিয়ে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে এমন আকুতিই জানিয়েছেন রোহিঙ্গারা। শুক্রবার সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে সমবেত হয়েছিলেন বিপুলসংখ্যক রোহিঙ্গা। সকাল পৌনে ৯টার দিকে সেখানে পৌঁছান ড. খলিলুর রহমান। তাকে ঘিরে রোহিঙ্গাদের অভ্যর্থনার মধ্যেও স্পষ্ট ছিল দীর্ঘদিনের অপেক্ষা আর দেশে ফেরার আকাঙ্ক্ষা। ক্যাম্প পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলেন। শোনেন তাদের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও প্রত্যাবাসনের প্রত্যাশার কথা। ক্যাম্প পরিদর্শনকালে ড. খলিলুর রহমান বলেন, সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন।

আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা। আদালতের এই রায় রোহিঙ্গাদের কাছে শুধু গণহত্যার বিচার পাওয়ার বিষয় নয়, দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের অবসানের আশার সঙ্গেও জড়িয়ে আছে। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ার এই অগ্রগতির ফলে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে। তৈরি হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এজন্য তারা কৃতজ্ঞ। কিন্তু তারা চিরদিন ক্যাম্পে থাকতে চান না। তাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। এজন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির ক্যাম্প সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, খলিলুর রহমান আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে আশা করছেন তারা। তার মতে, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। নিজ দেশে ফিরে গিয়ে নাগরিক হিসেবে অধিকার নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তাই রোহিঙ্গাদের প্রধান চাওয়া।