তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক প্রস্তাবের বিভিন্ন পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও
রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটি মনে করে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে আঞ্চলিক দারিদ্র্যসীমা, শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা, বিদ্যমান মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নেয়া জরুরি।
১৯শে নভেম্বর সিপিডি’র নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এর একদিন আগে ১৮ই নভেম্বর সিপিডি’র উপস্থাপিত ন্যূনতম মজুরি মূল্যায়ন ও প্রস্তাবের বিষয়ে সংগঠনটি কয়েকটি প্রশ্ন ও সংশোধনী প্রস্তাব উত্থাপন করে। চিঠিতে সিপিডি’র দীর্ঘদিনের গবেষণা ও নীতিগত সম্পৃক্ততার প্রশংসা করে বিজিএমইএ বলেছে, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিল্পের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বাস্তবতাও নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।
বিজিএমইএ’র অন্যতম প্রধান আপত্তি শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম সদস্যের হিসাব নিয়ে। সংগঠনটির মতে, সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য থেকে মধ্যম বা মিডিয়ান ব্যবহার করে পরিবারের সদস্যসংখ্যা ৪জন এবং উপার্জনক্ষম সদস্য ১.৫৮ জন নির্ধারণ করেছে। এক্ষেত্রে গড় বা মিন ব্যবহার করলে বিভিন্ন গবেষণার ফলাফল আরও যথাযথভাবে প্রতিফলিত হতো।
এ প্রসঙ্গে সিপিডি’র নিজস্ব ২০২৩ সালের তৈরি পোশাক শ্রমিক জরিপের তথ্য তুলে ধরে বিজিএমইএ জানায়, ওই জরিপে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩.৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ছিল দু’জন। ফলে তিন বছরের ব্যবধানে পরিবারের গড় সদস্যসংখ্যা বেড়ে যাওয়া এবং উপার্জনক্ষম সদস্য কমে যাওয়ার বিষয়টি বস্তুনিষ্ঠ বলে মনে করছে না সংগঠনটি।
এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য উল্লেখ করে বিজিএমইএ জানায়, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালে ৪.৬৬ জন থেকে কমে ২০১১ সালে ৪.৩৫ জন এবং ২০২৩ সালে ৩.৯৬ জনে দাঁড়িয়েছে। জাতীয় পর্যায়ে পরিবারের সদস্যসংখ্যা ক্রমাগত কমার প্রবণতার মধ্যে পোশাক শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
সিপিডি’র মূল্যায়নে সমগ্র পোশাক শিল্পের জন্য শুধু ঢাকা-শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমা বিবেচনা করায় আপত্তি জানিয়েছে বিজিএমইএ। গৃহস্থালি আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য উল্লেখ করে সংগঠনটি বলেছে, ঢাকা-শহর এলাকায় ব্যয়ের পরিমাণ সর্বোচ্চ হলেও ঢাকা-গ্রাম এলাকার উচ্চ দারিদ্র্যসীমা তুলনামূলক কম, যা ৪ হাজার ২৩৪ টাকা। বিজিএমইএ’র মতে, অন্তত ঢাকা-শহর ও ঢাকা-গ্রাম এলাকার গড় ৪ হাজার ৫৭৮ টাকা বিবেচনায় নেয়া অধিক যৌক্তিক হতো।
সংগঠনটির সুপারিশ হলো, ২০২২ সালের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপের অঞ্চলভিত্তিক উচ্চ দারিদ্র্যসীমা এবং সংশ্লিষ্ট অঞ্চলে পোশাক কারখানার অবস্থান ও রপ্তানির ঘনত্ব বিবেচনায় একটি ভারসাম্যপূর্ণ গড় দারিদ্র্যসীমা নির্ধারণ করা। এ প্রসঙ্গে বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা-শহর এলাকায় অবস্থিত কারখানাগুলো দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ অবদান রেখেছে। বাকি ৯১ শতাংশ রপ্তানি হয়েছে অন্যান্য এলাকা থেকে। তাই শুধু ঢাকা-শহর এলাকার ব্যয়কে ভিত্তি ধরে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে আঞ্চলিক বাস্তবতার যথাযথ প্রতিফলন ঘটবে না।
সিপিডি’র প্রস্তাবিত মজুরি হিসাবের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজিএমইএ। সংগঠনটির মতে, সিপিডি’র প্রতিবেদনের ২২ নম্বর স্লাইডে আঙ্কার পদ্ধতি অনুসরণ করে ২০২২ সালের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপের ৪০তম শতাংশের খাদ্যব্যয়ের ০.৮৬ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে।
প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ন্যূনতম মজুরি বৃদ্ধির তুলনা তুলে ধরে বিজিএমইএ বলেছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একইসময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংগঠনটির মতে, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের গড় মজুরির ব্যবধানও এখন অনেক কম। এ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি পোশাকশিল্পের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্কের চাপ এবং ইউরোপীয় বাজারে ভবিষ্যৎ প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ জানিয়েছে বিজিএমইএ।
