দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ শিশুর মৃত্যু হলো। এদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দু’জন, সিলেট বিভাগে দু’জন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯ জন, চট্টগ্রামে ২৩৪, সিলেটে ১৩৩, বরিশালে ১১৮, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩২ ও রাজশাহীতে ২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। গত ১৫ই মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৬৬ জন।
