অগ্নিকাণ্ডে মায়ের মৃত্যু আশঙ্কাজনক স্বামী-সন্তান

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমণ্ডির কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবা আক্তার (২০) নামে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় নিহত সাবার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমান ও স্বামী আবদুর রহমানসহ আরও ৪ জন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ১০তলা আবাসিক ভবনের চতুর্থতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- সাবা (৩০), দেড়বছর বয়সী আরএস রহমান , সাবার স্বামী আব্দুর রহমান (২৯), সানজিদা (২০) ও শামসুন নাহার (৫০)। তাদের প্রথম তিনজন এক পরিবারের সদস্য। শামসুন নাহার মেয়ে সানজিদাকে নিয়ে ওই বাসায় সাবলেট থাকতেন।

আহতদের হাসপাতালে আনা প্রতিবেশী সুমন বলেন, বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে বাসায় থাকা ৫ জন দগ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, কাঁঠালবাগানের গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাবার মৃত্যু হয়েছে। তার শরীরে ১০০শতাংশ দগ্ধ ছিল এই ঘটনায় তার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানসহ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে- শিশুটির শরীরে ৫৭শতাংশ, আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার শরীরের ৩৭ শতাংশ ও শামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তাদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, চিকিৎসাধীন ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।