চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল-মামুনের বাড়িতে নতুন করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে সরজমিনে এমন ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তার দাবি, ভিডিওতে অগ্নিসংযোগের যে দৃশ্য দেখানো হয়েছে, তা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।
ওসি মহিনুল ইসলাম জানান, বাড়িতে নতুন করে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। আগে থেকে পোড়া অবস্থায় থাকা একটি গাড়ির ওপর কালো প্লাস্টিক বিছিয়ে তাতে আগুন দেয়া হয়েছিল। প্লাস্টিকগুলো মাত্র এক মিনিটের মতো জ্বলেছে। সাবেক এমপির পলাতক আসামি পিএস মারুফ কৌশলে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।
জানা গেছে, ৫ই আগস্টের পর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বর্তমানে গাড়িটি পোড়া অবস্থায় রয়েছে। ওই গাড়ির ওপর প্লাস্টিক পুড়িয়ে ধারণ করা ভিডিও নতুন করে অগ্নিসংযোগের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ভিডিওটি সাবেক এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) মারুফের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বাড়ির আশপাশের বাসিন্দা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেও নতুন করে হামলা বা অগ্নিসংযোগের কোনো তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গেও যোগাযোগ করা হলেও তারা ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি।
