শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে- প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

কর্মসংস্থানের চাহিদার দিকে লক্ষ্য রেখে বর্তমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঢাকা কলেজ ক্যাম্পাসে কলেজটির ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। প্রতি বছর আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে। তিনি বলেন, সময়ের চাহিদা ও দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তরুণ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হতে হবে। গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার কাজে আমাদের এগিয়ে আসতে হবে।

প্রেসিডেন্ট অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। ১৮৬ বছরের ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান উপলক্ষে পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে নবীন-প্রবীণদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করে রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন অনেকে, এখনো দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্র ছিলেন যিনি বর্তমানে দেশের প্রেসিডেন্ট।

ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, দেশের স্কুল-কলেজগুলো জাতীয় জীবনে আসলে কতোটুকু ফল দিচ্ছে, তা এখন ভাবতে হবে। একই সঙ্গে শিক্ষার মানের দিক থেকে ঢাকা কলেজকে আবারো শীর্ষ অবস্থানে নেয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপ-মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। বৃটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, তার ঢাকা কলেজে অধ্যয়নের সময়কাল ছিল ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল। তখন কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালাল উদ্দিন অত্যন্ত কঠোরভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করতেন। তবে সেই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন। ঢাকা কলেজের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট। বলেন, আমি যতটুকু জেনেছি, কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই। ভালো লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগও নেই। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে প্রেসিডেন্ট বলেন, ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, ঢাকা কলেজকে যথাযথ গুরুত্ব দেয়া উচিত। কলেজটিকে আবারো শিক্ষার মানের দিক থেকে শীর্ষ অবস্থানে নিতে হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের প্রতিবেদন এখনো আছে কিনা, তা খুঁজে দেখার জন্য আমি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। জিয়াউর রহমানের সময় শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষরতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। এ কাজে অংশগ্রহণের জন্য এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর রাখার ব্যবস্থা করা হয়েছিল।

শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে সাবেক শিক্ষক প্রেসিডেন্ট বলেন, শিক্ষকদের কাজ শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা কলেজের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। এখনো আগুন-সন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেয়া এবং কলকারখানা বন্ধ করে দেয়ার মতো ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।

ঢাকা কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাজেটের অভাব নেই। এখন প্রয়োজন উদ্যোগ ও কাজের অগ্রগতি। কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রেসিডেন্ট।

কলেজের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, তাদের সময়ে কলেজে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দুই হাজার। এখন তা বেড়ে কমপক্ষে ১৭ হাজার হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের চাহিদা ও প্রয়োজনও বেড়েছে। এসব চাহিদা পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সরকারের মন্ত্রী-সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।