গত ২৪ দিনের মধ্যে তিনটি ঘূর্ণিঝড় ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। মুরাসু ও অর্ণবের পর এবার আকভান অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে। শুক্রবার পূর্বনির্ধারিত সময়ের অনেক আগেই সকাল আটটা নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল ধরে ঘূর্ণিঝড়টি শক্তি খুইয়ে গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করে। তবে ল্যান্ডফল প্রক্রিয়া চলে কয়েক ঘণ্টা। শেষ হয়েছে বেলা একটা নাগাদ। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পর আরও শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, স্থলভাগের সংস্পর্শ, উত্তর-পশ্চিম ভারত থেকে আসা শীতল ও শুষ্ক বাতাস এবং উল্লম্ব বায়ু প্রবাহের তারতম্য (ভার্টিক্যাল উইন্ড শিয়ার) বেড়ে যাওয়ার কারণে ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে। তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছিল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টি হয়েছে। এখনো বৃষ্টি চলবে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওড়িশায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গোপালপুরে। ওড়িশার চাঁদবালি, পারাদ্বীপ আর পুরীতেও প্রচুর বৃষ্টি হয়েছে। পুরী ও গোপালপুরের সমুদ্র সৈকত এদিন বন্ধ রাখা হয়েছিল পর্যটকদের জন্য। ভারী বৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশের উত্তরের এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে।
প্রবল বৃষ্টির ফলে ওড়িশার উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত জীবনহানির খবর পাওয়া যায়নি। তবে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। বহু জায়গাতেই কাঁচাবাড়ি, গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। সর্বত্র বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিভিন্ন টিম উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে। দুর্যোগ-সতর্কতা জারি করা হয়েছিল দক্ষিণ ওড়িশার জেলাগুলোতে। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় তিন লাখের বেশি মানুষকে তিন হাজারের বেশি শেল্টারে স্থানান্তরিত করা হয়েছিল।
আকভানের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সারাদিন ধরে চলেছে বৃষ্টি। কলকাতায়ও বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সোমবার পর্যন্ত কমবেশি বৃষ্টি চলবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া-এই পাঁচটি জেলায় অতিভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইয়ে যায় ঝড়ো হাওয়াও। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হবে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।
