আগুনসন্ত্রাস করে জনগণের আস্থা অর্জন করা যাবে না: রিজভী

ফন্ট সাইজ:

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, আগুনসন্ত্রাস করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণ যেভাবে ‘২৪ এর ৫ই আগস্ট জনযুদ্ধের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, প্রয়োজনে এই লাগাতার অগ্নিসন্ত্রাস রুখতে দেশবাসী সেই একই রাস্তা গ্রহণ করবে। এবার অগ্নিসন্ত্রাসীসহ ফ্যাসিবাদীদের মূল উৎপাটনে সকলকে এক হয়ে কাজ করতে হবে। মরহুম তরিকুল ইসলামের আদর্শ বুকে ধারণ করে আমাদের সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় যশোর বিডি হলে দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি’র সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, খুলনার নেতা এড. শফিকুল আলম মনা, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, দেলোয়ার হোসেন খান খোকন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক, ডা. আবু আহসান লাল্টু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, তরিকুল ইসলাম একজন কমপ্লিট রাজনীতিবিদ ছিলেন, তিনি কোনো বাইচান্স নেতা ছিলেন না।

তিনি ছিলেন আজীবন সংগ্রামী নেতা। প্রগতিশীল ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বক্তারা তাদের বক্তৃতায় মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক কর্মময় জীবনের নানা ঘটনাবহুল তথ্য ও দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। স্মরণসভার বক্তৃতা পর্ব শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মাওলানা আব্দুল মান্নান।