বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে সংঘর্ষ, অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের খবর সামনে আসায় উদ্বিগ্ন হয়ে দেশে ফিরছেন ভারতে চিকিৎসা করাতে আসা রোগী, রোগীর পরিজন, পর্যটক এবং বিভিন্ন কাজে ভারতে আসা বাংলাদেশিরা। সীমান্তে দাঁড়িয়ে বেশ কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, নিজেদের পরিবার, বাড়িঘর, চাষের জমি ও আত্মীয়স্বজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েই সব কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও দেশে ফিরছেন। কলকাতার নিউমার্কেটের হোটেলগুলোও দ্রুত খালি হতে শুরু করেছে। শুক্রবারই নিউমার্কেটের হোটেল ছেড়ে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার আগে পাবনার শামসুদ্দিন হারুণ জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে অশান্ত পরিস্থিতিতে পরিবার পরিজনদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। দ্রুত দেশে ফিরে পরিবারের পাশে দাঁড়াতে চাইছেন তিনি। গত দুইদিন ধরেই বাংলাদেশে ফিরে যাবার প্রবণতা দেখা গেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল, বসিরহাটের ঘোজাডাঙা ও নদীয়ার গেদে সীমান্তে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে দেশে ফিরেছেন ৩০০ জন বাংলাদেশি। শুক্রবারও সেই প্রবণতা দেখা গেছে পেট্রাপোল, ঘোজাডাঙ্গা ও গেদে সীমান্তে। আবার বাংলাদেশের অশান্ত পরিস্থিতি থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে আসছেন অনেকে। অনেকেই পরিবার নিয়েই এসেছেন। বৃহস্পতিবার বসিরহাটের ঘোজাডাঙা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন প্রায় ২০৫ জন নাগরিক। তাদের সকলের চোখে-মুখে আতঙ্কের রেশ। শুক্রবার ভারতে পা দিয়ে কুমিল্লার মণীন্দ্র সরকার জানালেন, নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। পাল্টাপাল্টি আক্রমণ চলছে। বোমা ফাটছে। আগুন জ্বলছে। আপাতত কটা দিন নিশ্চিন্তে থাকতে ভারতে আত্মীয়দের কাছে চলে এসেছি।
