সাবেক এমপি, অভিনেতাসহ আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন এবং অভিনেতা তমাল মাহবুব। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া এবং পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ জন নেতাকর্মী রয়েছেন। এ সময় ককটেল, মাদকসহ বিভিন্ন দ্রব্য জব্দ করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তারা পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করে রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটাচ্ছিলেন। গোয়েন্দা তথ্য ও নাশকতার মামলায় গ্রেপ্তারকৃতদের প্রথমিক তথ্যের ওপর এ অভিযান পরিচালিত হচ্ছে।
এদিকে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের ৭ দিন এবং ছোটপর্দার অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চারদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলনকে গ্রেপ্তার করে এসআরবি-১ এর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, দোলনের বিরুদ্ধে অন্তত ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ২০২৪ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দোলন। একই সঙ্গে তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। এমপি হওয়ার আগে তিনি শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
অপরদিকে, রাত পৌনে ১১টার দিকে আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমালকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। জানা গেছে, তমাল মাহবুব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার ফেসবুক পেজ জুড়েও সব আওয়ামী লীগের পোস্ট।