রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহ্রাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ অভিযোগে মারধর করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তাকে অকারণে মারা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন হল ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা হলের প্রভোস্ট কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাক্বিতণ্ডার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের নিজ কক্ষ থেকে দেবজয় সরকারকে ডেকে নিয়ে মারধর করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ২০২২ সালের কমিটির সদস্য ছিলেন। তবে হলে সিটের জন্য ছাত্রলীগ করতেন বলে দাবি করেছেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ সংক্রান্ত প্রমাণও তারা পেয়েছেন বলে দাবি করেন। দেবজয় সরকার জানান, তিনি প্রথম বর্ষে হলে আসন পাওয়ার জন্য ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। তবে তাকে যে পদ দেয়া হয়েছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। তিনি বলেন, ‘আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে রুম থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’
মারধরের পর দেবজয়কে হলের গেস্টরুমে নিয়ে যাওয়া হয়। ঘটনা জানাজানি হলে হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দেবজয় ও ছাত্রদলের কয়েকজন নেতাকে হলের প্রভোস্ট কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফুটেজের উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান।
তারা দ্রুত ফুটেজ দেখানোর জন্য প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানান। তবে হল প্রশাসন ও প্রক্টর জানান, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো টেকনিশিয়ান উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রভোস্ট কক্ষের দরজা ভাঙারও চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী। প্রায় চার ঘণ্টা ধরে চলা আলোচনা ও উত্তেজনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেয়া হয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রভোস্ট কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা তোমাদের কথা শুনেছি। আগামীকাল সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
