মেহেরপুরে ৪ জনকে পুশইনের চেষ্টা ভেস্তে দিলো বিজিবি

মেহেরপুরে ৪ জনকে পুশইনের চেষ্টা ভেস্তে দিলো বিজিবি

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে সে চেষ্টা ভেস্তে দিয়েছে বিজিবি সদস্যরা। বিজিবি’র কঠোর অবস্থানের কারণে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এর আগে, রাত ২টার দিকে ওই চারজনকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেয়ার চেষ্টা করে বিএসএফ সদস্যরা। ৪৭ বিজিবি’র কুষ্টিয়ার অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি’র গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের উক্ত প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।