ইট তৈরির চুল্লিতে একের পর এক পুড়ছে হাজার হাজার মণ কাঠ। সেই আগুনের সঙ্গে বাতাসে ছড়াচ্ছে ধোঁয়া ও দূষিত কণা। নওগাঁর বদলগাছীতে ইটভাটাকে কেন্দ্র করে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর এমন ব্যাপক প্রস্তুতি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, উপজেলার প্রায় ২৪টি ইটভাটায় মৌসুমের প্রথমেই ইট ভাটা চালু করতেই প্রায় ১২ থেকে ১৭ হাজার মণ খড়ির প্রয়োজন হয়। বিপুল পরিমাণ কাঠ পোড়ানোর বিষয়টি সামনে এলেও পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কার্যকর নজরদারি কতোটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ইট প্রস্তুতকারী ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, একটি ইটভাটা চালু করতে প্রাথমিকভাবে প্রায় ৫০০ থেকে ৭০০ মণ জ্বালানির প্রয়োজন হয়। সেই হিসাবে ২৪টি ভাটা চালু করতে প্রাথমিক পর্যায়েই ১২ হাজার থেকে ১৭ হাজার মণ জ্বালানি প্রয়োজন হয়। পুরো মৌসুমে এই চাহিদা প্রায় ২০ হাজার মণ পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা। অর্থাৎ ইট উৎপাদনে মৌসুমের প্রথমেই বিপুল পরিমাণ কাঠ চুল্লিতে পোড়ানোর প্রস্তুতি নিয়ে ইট ভাটা চালু করতে হয়। পরিবেশের জন্য ক্ষতিকর এই কাঠ পোড়ানো বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। ইটভাটাগুলোতে কী ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে, পরিবেশগত ছাড়পত্রের শর্ত মানা হচ্ছে কি না বা নির্গত ধোঁয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না এসব প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ইটভাটায় কাঠ পোড়ানোর ফলে কার্বণ ডাই-অক্সাইডসহ বিভিন্ন দূষিত নির্গত হয়। চুল্লির ধোঁয়ার সঙ্গে সূক্ষ্ম কণা ও অন্যান্য দূষিত পদার্থ বাতাসে ছড়িয়ে পড়তে পারে। এতে শ্বাসকষ্ট, কাশি, চোখের জ্বালাপোড়া এবং দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে ভাটার আশপাশের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি ক্ষতির ঝুঁকিতে থাকে। স্থানীয় সচেতন মহলের দাবি, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। প্রতিটি ভাটার জ্বালানির ধরন, পরিবেশগত ছাড়পত্র এবং দূষণ নিয়ন্ত্রণব্যবস্থা সরজমিন পরীক্ষা করতে হবে। শুধু কাগজে-কলমে তদারকি নয়, বাস্তবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। পরিবেশ আন্দোলন বাংলাদেশ (বাপা) সভাপতি মনিরুজ্জামান বলেন, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। তার অভিযোগ, বিপুল পরিমাণ জ্বালানি কাঠ ব্যবহারের ক্ষেত্রে বন বিভাগের গাফিলতি রয়েছে। এসব ইটভাটায় ১২ থেকে ১৭ হাজার মণ জ্বালানি কাঠ পোড়ানোর ফলে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আন্দোলন করায় প্রায় ৯ বছর আগে ভাটার মালিক সানোয়ার হোসেন তাদের ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ওই মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে তাদের। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, অবৈধ ইটভাটাগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলছে। তবে বদলগাছীতে এ বছরে কোনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি। তবে খুব দ্রুতই হবে।
ইটভাটায় কাঠ পোড়ানোর প্রস্তুতি নজরদারি নিয়ে প্রশ্ন
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
২১ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
