ইরান যুদ্ধে বৃটেনের যোগ না দেয়ার সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে বৃটেনের অবস্থান নিয়ে তিনি ‘খুশি নন’ এবং এতে তিনি ‘খুবই বিস্মিত’ হয়েছেন। তিনি অভিযোগ করেন, বৃটেন মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। পরবর্তীতে বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তাব দিলেও সেটি অনেক দেরিতে এসেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমার মনে হয় তারা হয়তো এতে জড়িত হবে। কিন্তু তাদের উচিত ছিল আরও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করা। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জানান, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রনের সঙ্গে কথা বলেছেন।
তার মতে, মাক্রন হরমুজ প্রণালী খুলে দিতে সহায়তা করতে আগ্রহী। যেসব দেশ হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়েছে তার নাম শিগগিরই ঘোষণা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও অন্যান্য দেশকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, কিছু দেশ ইতিমধ্যেই এগিয়ে আসছে, আবার কিছু দেশ এ বিষয়ে ‘ততটা আগ্রহী নয়।’
যুক্তরাষ্ট্র চায়, বিভিন্ন দেশ মিলে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করুক। কারণ, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও মাইন ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বে ব্যবহৃত প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ট্রাম্প বলেন, কিছু দেশ খুবই আগ্রহী, আবার কিছু দেশ নয়। এমনও কিছু দেশ আছে, যাদের আমরা বহু বছর ধরে সহায়তা করেছি, তাদেরকে বাইরের হুমকি থেকে রক্ষা করেছি। অথচ তারা খুব একটা আগ্রহ দেখায়নি। আর এই আগ্রহের মাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ।

tufael
২ মাস আগেkew asbena saitan shala