উন্নয়ন বাধাগ্রস্ত করতেই দেশব্যাপী অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে: মিন্টু

উন্নয়ন বাধাগ্রস্ত করতেই দেশব্যাপী অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে: মিন্টু

ফন্ট সাইজ:

সরকারি-বেসরকারি স্থাপনাসহ বসতবাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশব্যাপী পরিকল্পিতভাবে অরাজকতা চালানো হচ্ছে। এমন মন্তব্য করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন নাশকতা চালিয়ে বিএনপি সরকারের পরিবর্তন ঘটানো যাবে না। তিনি বলেন, তিনটি নির্বাচনের পর দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পর উন্নয়ন ও সংস্কার কাজ চালাচ্ছে বিএনপি। শুক্রবার বিকালে ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য মিন্টু।

ফেনীতে কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না বলে বক্তব্যে হুঁশিয়ারি করে তিনি বলেন, মনে রাখবেন এলাকায় সবার স্বজনরা বসবাস করতে হবে। একইসঙ্গে নিজ দলের নেতাকর্মীদের আইন নিজের হাতে না তুলে নিয়ে নাশকতায় জড়িত ও পলাতক নিষিদ্ধ রাজনৈতিক দলটির কোনো নেতাকর্মীদের পুলিশের কাছে তুলে দেয়ার আহ্বান জানান। উপজেলা বিএনপি আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব এস এম কায়সার এলিন উপস্থিত ছিলেন।