বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে নদ-নদী থেকে প্রায় অর্ধশতাধিক ড্রেজার মেশিন ও শ্যালো ইঞ্জিন দিয়ে গত ১ মাস ধরে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বালু উত্তোলনে কেউ যাতে বাধা না দেয়, সেজন্য মহড়া দিয়েছে অস্ত্রধারী ক্যাডার বাহিনী। এ ঘটনায় নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে, নদীর তীর কেটে অবৈধভাবে বালু বিক্রি করায় নদীর তীরবর্তী জনবসতি, আবাদি জমি ও রাস্তায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ইউনিয়নের ডলু খাল, ধূইল্যাখাল ও গরুরলোডা ছড়া ও আমতলী এলাকার নদীপাড় এখন অবৈধ দেশীয় অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দিন-রাত বালু উত্তোলনের কারণে ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়।
সরজমিন দেখা যায়, অবৈধভাবে বালু উত্তোলন করে বড় বড় স্তূপ করে রেখেছে। কয়েক লাখ ঘনফুট বালু এখানকার বিভিন্ন স্তূপে রয়েছে। অভিযোগ রয়েছে- স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় অবৈধভাবে বালু তুলে চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পাচার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। এ বিষয়ে সদ্য যোগদান করা লামা উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার জানান, ইউনিয়নের পূর্বচাম্বী এলাকায় রাতের আঁধারে বালু উত্তোলনের অভিযোগ প্রশাসন পেয়েছে। এ বিষয়ে বালুচোর সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।
