বারহাট্টায় আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগ

ফন্ট সাইজ:

নেত্রকোণর বারহাট্টা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৮ই নভেম্বর) সন্ধ্যা থেকে ১৯শে নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যে বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান হোসেন সুমনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে ১৯শে নভেম্বর বৃহস্পতিবার রাতে। এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়।

একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং দলের উপজেলা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়। এসময় আমিরুলের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব, সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় আমিরুল চেয়ারম্যানের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, সন্ধ্যার আগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নৈহাটি বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলের কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা আমিরুলের বাড়ি ও তার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অন্য ঘটনাগুলোর বিষয়ে ওসি বলেন, এসব ঘটনার কোনো খবর আমার কাছে আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জানতে পেরেছি। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।