ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের তালিকা থেকে বাদ পড়েছে ৭ নম্বর আনোয়ারা সদর ও ৮ নম্বর চাতরী ইউনিয়ন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় ধাপের নির্বাচনী তালিকায় আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টির নাম থাকলেও সদর ও চাতরী ইউনিয়নকে রাখা হয়নি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ঠা ফেব্রুয়ারি ২০২৭ দ্বিতীয় ধাপে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালিকায় অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো- বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমছড়া, বারখাইন, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদণ্ডী। তবে সদর ও চাতরী ইউনিয়নকে বাদ দেয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ডুমুরিয়া ও রুদুরা গ্রামের বাসিন্দারা আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে উঠান বৈঠক, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। গত বছরের ১৫ই জুন উপজেলা সদরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।

তবে এ দাবির বিপরীতে অবস্থান নিয়েছেন সদর ইউনিয়নের বাসিন্দারা। ২০২৫ সালের ২৫শে জুন ডুমুরিয়া ও রুদুরা গ্রামকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে জেলা প্রশাসকের কাছে পাল্টা স্মারকলিপি দেন তারা। তাদের আশঙ্কা, গ্রাম দু’টি নতুন করে যুক্ত করা হলে সদর ইউনিয়নের রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক কার্যক্রম ও সামাজিক সম্প্রীতিতে জটিলতা তৈরি হতে পারে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বিষয়টি। স্থানীয় বাসিন্দা আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইমরান হোসেন জানান, তাদের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গণশুনানির মাধ্যমে প্রতিবেদন পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছিল। তবে সংসদ নির্বাচনের পর বিষয়টি আর বেশি এগোয়নি। ফলে এখনো সমস্যার সমাধান হয়নি। আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নুর আলী জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ইউনিয়নের বাসিন্দারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। ডুমুরিয়া-রুদুরাকে আনোয়ারা সদরে অন্তর্ভুক্ত করা এটা একটা আইনি প্রক্রিয়া। সরকার যদি চায় এটা সমাধান করে দ্রুত নির্বাচন দিলে ইউনিয়নের সেবাবঞ্চিতরা পুনরায় সেবা পাবে।